একুশে ফেব্রুয়ারি পালন না করায় প্রধান শিক্ষককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (একুশে ফেব্রুয়ারি) উদ্যাপন না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শাও (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) মাহফুজ মিয়া এ নোটিশ দেন। 
উপজেলা শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, একুশে ফেব্রুয়ারি সকাল থেকে ওই বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। কিন্তু প্রধান শিক্ষক কামরুন্নাহার দেরি করে আসেন। এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য অনুযায়ী, ওই দিন সেখানে শহীদ দিবসের কোনো কর্মসূচিই পালিত হয়নি। দিবসটি পালনে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষকেরা তা মানেননি। এ জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা প্রতি বিদ্যালয়ের জন্য বাধ্যতামূলক। কিন্তু ওই দিন বিদ্যালয়টিতে কোনো কর্মসূচি পালিত হয়নি। এ জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, শোকজ নোটিশ পেয়েছেন। দু-এক দিনের মধ্যে জবাব দেবেন।