একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন ও গ্রহণ করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
একুশের প্রথম প্রহরে ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু করবে। ভোর সাড়ে ছয়টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন; সকাল সাতটায় কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। এ ছাড়া আগামীকাল সোমবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে দলটি।
বিএনপি তাঁদের কর্মসূচি শুরু করবে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। ভোর ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন; সকাল ছয়টায় কালো ব্যাজ ধারণ করে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আগামীকাল বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে গণফোরাম। এতে নেতৃত্ব দেবেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
দিবসটি উপলক্ষে আজ রোববার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন’ শীর্ষক আলোচনা সভা ও মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান করবে তমদ্দুন মজলিস।
মতিঝিল মডেল স্কুল ও কলেজ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আলোচনা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিকেল চারটায় পুরানা পল্টনের মুক্তি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল করবে।
এদিকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কলকাতার কয়েকজন কবি কবিতা পাঠ করেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ থেকে সাইকেল চালিয়ে ঢাকায় আসা কয়েকজন তরুণও এ অনুষ্ঠানে যোগ দেন।