একুশে ফেব্রুয়ারিতে রাজধানী ২৮ স্থানে ব্যারিকেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীতে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে শহীদ মিনার ও আশপাশের ২৮টি স্থানে ব্যারিকেড বসানো হবে।

এ ছাড়া বিশেষ এই ব্যবস্থায় নিয়ন্ত্রণকক্ষ, সিসি ক্যামেরা, পিকেট, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পার্টি, আর্চওয়ে ব্যবস্থা ও ভ্রাম্যমাণ টহলের মাধ্যমে পুরো শহীদ মিনার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। নিয়োজিত থাকবেন গোয়েন্দা পুলিশ, সোয়াত, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।

একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা নিশ্চিতে সর্বস্তরের জনগণের সহায়তার আশা করে বেনজীর আহমেদ বলেন, একুশে ফেব্রুয়ারি রাত ১২টায় রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

আল-কায়েদার সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘পাশ্চাত্যমুখী কর্মকাণ্ডের মতো অপকর্ম এদেশে হতে দেব না। যখন নিরাপত্তা-ব্যবস্থার কৌশল নির্ধারণ করা হয়, তখন সব ধরনের কর্মকাণ্ডকে মাথায় রেখেই তা নির্ধারণ করা হয়।’

সম্প্রতি জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধানের ছবি ব্যবহার করে ইন্টারনেটে ছাড়া অডিও বার্তা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘ইন্টারনেটের যে সাইটে এই ক্লিপটি এসেছে তা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা হয় না। নেটে বিশ্বব্যাপী কোটি কোটি সাইট রয়েছে, তাই ক্লিপটি আপলোড হওয়ার পর সংশ্লিষ্টরা প্রথমে দেখতে পেয়েছে। ধীরে ধীরে তা সবার সামনে উন্মুক্ত হয়েছে। বেশ কিছুদিন আগে ওই ক্লিপটি আমাদের নজরে এসেছে।’ এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে পলাশী-জগন্নাথ হল ক্রসিং দিয়েই কেবল শহীদ মিনারে প্রবেশ করা যাবে। আগামীকাল ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা থেকে একুশে ফেব্রুয়ারি বেলা দুইটা পর্যন্ত শহীদ মিনার ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে ডিএমপির তিন অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল, শেখ মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।