মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার শুরু হয়েছে চার দিনব্যাপী একুশে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত বইমেলায় জেলা প্রশাসন গতকাল মঙ্গলবার যোগ করেছে দেয়াল পত্রিকা উৎসবের। জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ দেয়ালিকা উৎসবে স্থান পেয়েছে।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দেখা যায়, দেয়ালিকা উৎসবের অন্যতম আয়োজক ও সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা বলেন, জেলা প্রশাসক জিনাত আরার পৃষ্ঠপোষকতায় একুশে বইমেলায় এত বড় দেয়ালিকা উৎসবের আয়োজন সম্ভব হয়েছে। দেয়ালিকা উৎসবটি দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ। কারণ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ দেয়ালিকা এতে অংশ নিয়েছে, যা এর আগে দেশের কোথাও দেখা যায়নি।
তিনি বলেন, দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও উৎসব চারটি বিভাগে ভাগ করা হয়েছে। ক বিভাগে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান, খ বিভাগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, গ বিভাগে কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘ বিভাগে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান/দপ্তর/ক্লাব বা সংগঠন অংশ নিতে পারবে।
দুপুরে মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা দেয়ালিকা নিয়ে হাজির হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের একটি দল দেয়ালিকা টাঙানোর কাজে ব্যস্ত। তাদের দেয়ালিকায় বাংলা অমর, আমি বাংলার, সোনার বাংলা, প্রভাতফেরির গান, ভাষা থেকে স্বাধীনতা, গল্পকথার বাংলা, বিজ্ঞানসমগ্র, দ্য মেইন ইভেন্ট অব সায়েন্স প্রভৃতি শিরোনামে তারা দেয়ালিকা তৈরি করেছে।