একুশে বইমেলায় থাকছে শ্রাবণ প্রকাশনী
প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীকে অমর একুশে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘শর্ত’ সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাংলা একাডেমির নির্বাহী পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
এক ঘণ্টাব্যাপী সভা শেষে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আট সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমি যে ব্যবস্থা নিয়েছিল, সেটার পুনর্বিবেচনা করার জন্য শ্রাবণ প্রকাশনী একাডেমি বরাবর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে সভায় শর্তসাপেক্ষে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
শামসুজ্জামান খান বলেন, ‘শ্রাবণ প্রকাশনী যদি লিখিত অঙ্গীকার করে যে ভবিষ্যতে তারা মেলার স্বার্থবিরোধী এবং ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে মেলায় বা মেলা প্রাঙ্গণে কোনো প্রতিবাদে অংশ নেবে না, তাহলে এই শর্তে শ্রাবণকে বইমেলায় স্টল দেওয়া হবে।’
এদিকে শ্রাবণের স্বত্বাধিকারী রবিন আহসান প্রথম আলোকে বলেছেন, এই শর্তে লিখিত অঙ্গীকারনামা দিতে তাঁর কোনো আপত্তি নেই। একাডেমির সিদ্ধান্তের চিঠি হাতে পেলেই তিনি সিদ্ধান্ত নেবেন অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন কি না। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, বই প্রকাশ করা যাবে না—মেলার আচরণবিধির এই শর্ত তো সব প্রকাশকের জন্যই। এটা লিখিত দেওয়া হবে। তবে প্রতিবাদে অংশ নেবেন না, এমন শর্তে লিখিত দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে চিঠি হাতে আসুক, তারপর দেখব।’
গত সোমবার শ্রাবণ প্রকাশনীর প্রতিনিধি আগামী বইমেলার স্টল বরাদ্দের জন্য একাডেমিতে আবেদনপত্র নিতে গেলে তাঁকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ১০ নভেম্বর বাংলা একাডেমির পর্ষদের সভায় ‘একাডেমির সিদ্ধান্তের বিরোধিতা’ করায় ‘বৃহত্তর স্বার্থে’ শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বইমেলায় বাংলা একাডেমি পরিস্থিতি বিবেচনা করে ‘ইসলাম বিতর্ক’ নামে একটি বই নিষিদ্ধ করেছিল। একাডেমির সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান। মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, এটি অমর একুশে বইমেলার নীতিমালা ও স্বার্থের পরিপন্থী।
এ বছরের ১৫ ফেব্রুয়ারি বইমেলায় ‘ইসলাম বিতর্ক’ বই প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ওই বইয়ের লেখক-প্রকাশকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এ জন্য বৃহত্তর স্বার্থে বাংলা একাডেমির বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।