একুশে মেলায় এবার লটারিও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত একুশে মেলায় এবার প্রতিদিনের লটারির আয়োজনও বন্ধ করে দেওয়া হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈয়ের নির্দেশে গতকাল বুধবার থেকে লটারির ড্র বন্ধ হয়ে যায়। আগের দিন মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশে পুতুলনাচের নামে অশ্লীল নাচের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পুতুলনাচের প্যান্ডেল ও লটারির মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। লটারির পরিচালক শাহিন আলম বলেন, ‘প্রতিদিনের মতো আজও (বুধবার) টিকিট বিক্রি করতে আমাদের প্রতিনিধিরা বের হন। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফোন করে আমাদের টিকিট বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়।’ জেলা প্রশাসক অমৃত বাড়ৈ বলেন, ‘দিন দিন লটারির ড্রতে লোকসমাগম বেড়ে চলেছে। এসব বিবেচনা করে পুতুলনাচের পর একুশে মেলা থেকে লটারিও বন্ধ করে দিয়েছি।’