একুশের আবেগে ভাসল ঢাকা

সবার সব পথ এসে গতকাল মিশে গিয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। কণ্ঠে ছিল বিষাদমাখা সেই চেনা সুরের গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কী ভুলিতে পারি...’। ভাষা নিয়ে আত্মগৌরব ও বেদনার আবেগে ভেসেছিল গতকালের রাজধানী।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এখন বিশ্ববাসীর কাছেও ভাষা ও সাংস্কৃতিক চেতনায় দীপ্ত হয়ে ওঠার প্রেরণায় ভাস্বর একটি দিন। এই শহরেই ৬৪ বছর আগে বাংলা মায়ের বীর সন্তানেরা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে রক্ষা করেছিলেন মায়ের ভাষার মর্যাদা। সেই মৃত্যুঞ্জয় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে শনিবার মধ্যরাত থেকেই ঐতিহ্যবাহী প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারের দিকে জনতার যাত্রা শুরু হয়েছিল। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, বিদেশি কূটনীতিক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকেই তরুণ, যুবক, শিশু, বৃদ্ধ সারিবদ্ধভাবে কালো ব্যানার ও হাতে তাজা ফুলের মালা, স্তবক, গুচ্ছ নিয়ে ধীর পায়ে এগিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে। নিবেদন করেন শ্রদ্ধার পুষ্পাঞ্জলি।
গতকাল সকালে যাঁরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, তাঁদের অনেকেই সারা দিন ঘুরে বেড়িয়ে সময় কাটিয়েছে। সরকারি ছুটি, তাই কাজের তাড়া ছিল না। আর যানজটমুক্ত, ফাঁকা রাস্তা। শহীদ মিনার থেকে দলে দলে গেছেন বাংলা একাডেমির বইমেলায়। গতকাল সকাল আটটা থেকেই মেলার ফটক খুলেছিল। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, টিএসসি থেকে শহীদ মিনার এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে। মিরপুর এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় উৎসাহী তরুণেরা ছোট ছোট প্রতীকী শহীদ মিনার তৈরি করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। বর্ণমালা খচিত কালো রঙের প্রাধান্য দেওয়া সূতির শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ছিল অধিকাংশ শিশু-নর-নারীর পরনে। অনেকেরই গালে ও বাহুতে আঁকা ছিল শহীদ মিনার। আর রোদও ছিল কাল বেশ চড়া।
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ছিল প্রথম আলো ও সার্ফ এক্সেল আয়োজিত দিনভর বর্ণমেলা। শিশু-কিশোরদের জন্য মেলায় ছিল হরেক আয়োজন। সারা দিন প্রচুর লোকসমাগম হয়েছে এখানে। এখান থেকে অনেকেই বেড়াতে গেছেন ধানমন্ডির লেকের পাড়ে। পুরান ঢাকায়ও ছিল বহুমাত্রিক আয়োজন। বাহাদুর শাহ পার্কে একুশের অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল থেকেই।