একুশের চেতনা ওদের কাছে যেমন
পাবনার বেড়া উপজেলার প্রায় দেড় শ শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগেই শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটিতে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একুশের তাৎপর্য সম্পর্কে একেবারেই অজ্ঞ।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলায় ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কমিউনিটি বিদ্যালয়, ১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি কলেজ ও সাতটি মাদ্রাসা রয়েছে। এ ছাড়া রয়েছে বেশ কয়েকটি কিন্ডারগার্টেন।সরেজমিনে দেখা গেছে, বেড়া কলেজ, নাটিয়াবাড়ী ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়সহ ১০ থেকে ১৫টি ছাড়া আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটিতে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা অথবা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত বেড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোনো শহীদ মিনার নেই। মাতৃভাষা দিবস পালন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেই আগ্রহ ও উৎসাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ বলেন, ‘শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উপায় নেই। তবে দিবসটি উপলক্ষে আমরা আলোচনা সভার আয়োজন করি, র্যালিতে অংশ নিই।’ বেড়া মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘অর্থের অভাবে আমরা স্থায়ী শহীদ মিনার তৈরি করতে না পারলেও রড দিয়ে শহীদ মিনারের কাঠামো তৈরি করে রেখেছি। একুশে ফেব্রুয়ারি এলে কাঠামোগুলো দিয়ে কলেজ ক্যাম্পাসে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করি।’খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার বাইরের অনেক এলাকা, বিশেষ করে প্রত্যন্ত ও চর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী শহীদ মিনার বানানো দূরের কথা, দিবসটি পালন করাই হয় না। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাতৃভাষা দিবসের তাৎপর্য অথবা ভাষা শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানে না। বেশির ভাগ শিক্ষার্থীই একুশে ফেব্রুয়ারি বলতে ছুটির দিন ছাড়া আর কিছু বোঝে না।যমুনার চরে অবস্থিত আগবাগসোহা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমোদ আলী জানান, শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে কলাগাছের শহীদ মিনার বানানো হলেও কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আমিরুল ইসলাম বলে, ‘একুশে ফেব্রুয়ারিতে ইশকুল ছুটি থাকে। আমরা কলাগাছ দিয়্যা শহীদ মিনার বানাই।’