একুশের চেতনা ছড়িয়ে দিচ্ছে যে সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান একুশের চেতনা ছড়িয়ে দিতে দুই দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারি এলেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।

অন্যান্য বছর পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হলেও দুই যুগে পদার্পণ উপলক্ষে এ বছর ২১ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। ১ ফেব্রুয়ারি ভাষাসংগ্রামীদের তালিকা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ২ ফেব্রুয়ারি থেকে নওগাঁর বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থী সমাবেশ করা হচ্ছে। ১৭ ফেব্রুয়ারি সকালে সাইকেল শোভাযাত্রা বের করা হবে। এতে অংশ নেবেন দুবারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ও দেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে নওগাঁ সরকারি কেডি স্কুল মাঠে পাঁচ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।

একুশে পরিষদের সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, ‘একুশে পরিষদ ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৮ জন ভাষাসৈনিককে পদক দিয়ে সম্মানিত করেছে। এ বছর দুজন ভাষাসংগ্রামীকে পদক দেওয়া হবে। পরিষদের সবচেয়ে বড় অর্জন হলো স্থানীয় ভাষাসংগ্রামীদের খুঁজে বের করে তাঁদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া এবং নওগাঁয় আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন বধ্যভূমি খুঁজে বের করা। নিজেদের উদ্যোগে দীর্ঘদিন ধরে নওগাঁর প্রত্যন্ত অঞ্চল ঘুরে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে এ পর্যন্ত ৩০টির বেশি বধ্যভূমি আবিষ্কার করেছি আমরা। কিছু বধ্যভূমিতে পরিষদ নিজ অর্থায়নে স্মৃতিফলক তৈরি করে দিয়েছে। এ ছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের নিয়ে বিভিন্ন গণহত্যা দিবস পালন করে একুশে পরিষদ।’

কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এ পরিষদ একুশ ও মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছে। বিশেষ করে বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের খুঁজে বের করে তাঁদের সম্মাননা দেওয়া এবং বধ্যভূমি আবিষ্কারের যে কাজ তারা করে যাচ্ছে এটা প্রশংসনীয়। যে কাজটি রাষ্ট্রীয়ভাবে হওয়া দরকার, সেই সব কাজ একুশে পরিষদের মতো একটি ছোট্ট সংগঠন করে যাচ্ছে। এ কাজের জন্য তাদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত বলে আমি মনে করি।’

নওগাঁ জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও বিগত দিনে সংগঠনটি স্থানীয় বিভিন্ন সমস্যা-সংকট নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলায় স্থানীয় মানুষ উপকৃত হয়েছে।

পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারী বলেন, ‘শুধু দুই যুগ নয়, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার পথে আমাদের দ্বিধাহীন অভিযাত্রা অনন্তকাল ধরে চলবে বলে আমি বিশ্বাস করি।’

যেভাবে শুরু

অধ্যাপক মাহফুজুর রহমান, জাহিদ রাব্বানী রশীদ, ভাষাসংগ্রামী এম এ রকিবসহ কিছু সমমনা ব্যক্তি নওগাঁয় স্থানীয়ভাবে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালনের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলার তাগিদ বোধ করেন। এরপর ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক বিকেলে নওগাঁ সরকারি কেডি স্কুল মাঠে একুশে উদ্‌যাপন পরিষদ নওগাঁ নামে সংগঠনটি গঠন করা হয়। ওই সংগঠনের প্রথম কর্মসূচি ছিল ১৮ ফেব্রুয়ারি ড. জোহা দিবস পালন। এরপর থেকে ওই দিনটিই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালিত হয়ে আসছে। এর মধ্যেই ‘একুশে উদ্‌যাপন পরিষদ নওগাঁ’ থেকে উদ্‌যাপন শব্দটি বাদ দেওয়া হয়।