একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল একুশে পদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: বাসস
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল একুশে পদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ১৫ বিশিষ্ট ব্যক্তির হাতে এ বছরের একুশে পদক তুলে দিয়েছেন। এ সময় নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। খবর বাসসের।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশিষ্ট নাগরিকদের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সন্মাননাপত্র পাঠ করেন মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস।
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ভাষা আন্দোলনের জন্য শামসুল হুদা ও বদরুল আলম (মরণোত্তর), শিল্পকলায় সমরজিত রায় চৌধুরী, রাম কানাই দাস, কেরামত মাওলা ও এস এম সোলায়মান (মরণোত্তর), সাংবাদিকতায় গোলাম সারওয়ার, গবেষণায় এনামুল হক, শিক্ষায় অনুপম সেন, ভাষা ও সাহিত্যে জামিল চৌধুরী, বেলাল চৌধুরী, রশীদ হায়দার, বিপ্রদাস বড়ুয়া ও আবদুস শাকুর (মরণোত্তর) এবং সমাজসেবায় মুজিবুর রহমান।
পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এ পদক প্রদান করা হয়।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘একুশের চেতনা ও স্বাধীনতার চারটি মূল স্তম্ভকে যারা অস্বীকার করে তারা একুশের শত্রু, স্বাধীনতার শত্রু। এদের মোকাবিলায় আমাদের নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। আমাদের চিন্তা-চেতনা ও যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সে চেতনাকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
উপমহাদেশে বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক দেশ উল্ল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাঙালি জাতি সব সময় উদার জাতি। এ জাতি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমাদের ভাষা সাহিত্যেও সেই বৈশিষ্ট্য বিদ্যমান।’
প্রধানমন্ত্রী বাংলা ভাষা-বর্ণমালা-সাহিত্য নিয়ে গবেষণার পাশাপাশি দেশের বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষা-সাহিত্য গবেষণায় এগিয়ে আসতে লেখক-গবেষকদের আহ্বান জানান। তিনি বলেন, একুশের চেতনা বাস্তবায়নে এ পদকপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব আরও বেড়ে গেছে এবং তাঁরা বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা ভাষাসৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার, ধীরেন্দ্র নাথ দত্তসহ অন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।