একুশের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেছেন, একুশের এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বিকেলে নগরের শহীদ মিনার চত্বরে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, সুনীল সরকার ও আলতাফ হোসেন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একুশ আমাদের অহংকার। একুশের পথ ধরে মহান মুক্তিযুদ্ধ এসেছে। একুশ এবং মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করতে হবে আগামী প্রজন্মের রক্তে।’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ভাষা মানুষের জন্মগত অধিকার। ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে। একুশের চেতনায় দেশ গড়া গেলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনা সভায় আরও বক্তব্য দেন কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।