একুশের চেতনায় উজ্জীবিত হয়ে একুশ শতকের উপযোগী দেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বলেছেন, ‘ভাষাশহীদদের আত্মদানের মধ্য দিয়ে যে ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল, এরই পরিণতিতে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে একুশ শতকের উপযোগী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের কাজ করে যেতে হবে।’ চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল রোববার ভোরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর সময় তিনি এ কথা বলেন।দীপু মণি বলেন, ভাষার অধিকার হোক আর ভোটের অধিকার, প্রতিটি অধিকারের প্রশ্নে লড়াই করেছে এ দেশের মানুষ। একুশের চেতনাই তাঁদের অনুপ্রাণিত করেছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ইতিমধ্যে কয়েকটি ধাপ পার হয়েছি। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আমরা পেয়েছি। সে রায় কার্যকর হয়েছে। একই ধারাবাহিকতায় আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করব।’পরে মন্ত্রী তাঁর নিজ বাড়ি চাঁদপুর উপজেলার রামপুর রাড়ীরচর গ্রামে মুক্তিযুদ্ধের বধ্যভূমি স্মারক-স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান।পরে পররাষ্ট্রমন্ত্রী নিজ বাড়ির আঙিনায় ইয়াং ফ্রেন্ডস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীন ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।