
মেঘনা, গোমতী ও তিতাস—অবিভক্ত কুমিল্লার প্রধান তিন নদী। ওই নদী তিনটির কথা মনে রেখে ‘তিন নদী পরিষদ’ নামে কুমিল্লায় একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। ওই সংগঠনটির উদ্যোগে ৩৩ বছর ধরে অমর একুশের টানা ২১ দিনব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে কুমিল্লায়। প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি থেকে শহরের পৌর উদ্যানের শতবর্ষী জামতলায় শুরু হয় এ আয়োজন। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, রাজনীতিবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নাচ, গান, নাট্য, আবৃত্তি ও আলোচনায় একুশের চেতনা তুলে ধরে। প্রতি ফেব্রুয়ারিতে জামতলার ঘাসের ওপর আসন পেতে এ আয়োজনে শামিল হয় স্থানীয় সর্বস্তরের মানুষ।
একুশের চেতনাকে লালন করে তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মানসে সীমিত সাধ্যের মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ উদ্যোগের মূল কান্ডারি আবুল হাসানাত। বাবুল নামেই তিনি সমধিক পরিচিত। মূলত তাঁর উদ্যোগেই ৩৩ বছর ধরে পরিচালিত হচ্ছে এ অনুষ্ঠান। এ বছরও পয়লা ফেব্রুয়ারি থেকে চলছে উদ্যাপন।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের কুমিল্লা প্রতিনিধি ফরিদ উদ্দীন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নব্বইয়ের গণ-আন্দোলনে তিন নদী পরিষদের জামতলার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকে সংস্কৃতিকর্মী ও রাজনীতিকেরা নানা অনুষ্ঠান, নাটক ও বক্তৃতার মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করে তোলেন।
কুমিল্লার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যসচিব জহিরুল ইসলাম জানান, তিন নদী পরিষদ কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে অনন্য ভূমিকা রাখছে। এদের একুশের অনুষ্ঠানমালায় জোটের শরিক দলগুলোও নিয়মিত অংশ নেয়।
প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি এলেই জামতলাকে চিত্রশিল্পীদের কারুকাজ দিয়ে সাজানো হয়। জামতলার নিচের বেদিতে ওই দিন থেকেই কুমিল্লার সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের পরিবেশনা উপস্থাপন করে। প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে আলোচনা পর্ব। এসব অনুষ্ঠানে দেশের নামীদামি শিল্পীরা নানা সময় অংশ নিয়েছেন।
শুরুর কথা: ১৯৮৪ সালের ১৫ জানুয়ারি। স্থান: নগরের বাদুরতলা এলাকার ছাপাখানা সিংহ প্রেস। কুমিল্লায় একটি সাংস্কৃতিক সংগঠন করা দরকার—বাবুলের মনের মধ্যে জেগে ওঠা এই ইচ্ছা বিনিময় করলেন সমমনাদের সঙ্গে। ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার তৎকালীন কুমিল্লা প্রতিনিধি প্রদীপ সিংহ রায়, ক্রীড়া সংগঠক বদরুল হুদা, চট্টগ্রাম আর্ট কলেজের ছাত্র সৈয়দ আবদুল ওয়াজেদ, ঢাকা আর্ট কলেজের ছাত্র নওশাদ কবীরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেন বাবুল। এই পাঁচজন মিলেই গড়ে তোলেন তিন নদী পরিষদ। প্রথম কমিটির সভাপতি হলেন প্রদীপ সিংহ রায়, সাধারণ সম্পাদক আবুল হাসানাত। দুই সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি দিয়ে এর যাত্রা শুরু হয়। ওই বছরই পয়লা ফেব্রুয়ারি থেকে নগরের জামতলা এলাকায় ২১ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন কুমিল্লার পুরোনো পত্রিকা রূপসী বাংলার সম্পাদক আবদুল ওহাব। এভাবেই ৩৩ বছর ধরে সংগঠনটি একুশের অনুষ্ঠান করে আসছে। প্রতিষ্ঠাতাদের মধ্যে নওশাদ গত হয়েছেন। ওয়াজেদ চট্টগ্রামে ও প্রদীপ ঢাকায় সাংবাদিকতা করছেন। বর্তমানে কমিটির সভাপতি আবুল হাসানাত ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান। আবুল হাসানাতের অক্লান্ত শ্রম ও চেষ্টাতেই সংগঠনটি গতিশীল রয়েছে।
১৯৮৫ সালে একুশে পদকপ্রাপ্ত আবদুল কুদ্দুসের সম্পাদনায় রাজিয়া খাতুন চৌধুরানী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয় তিন নদী পরিষদের উদ্যোগে। রাজিয়া খাতুন চৌধুরানী হলেন তিরিশের দশকের কবি ও যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দিন চৌধুরীর সহধর্মিণী। ওই উৎসবে কবি রাজিয়া খাতুন চৌধুরানীর ‘চাষা’ কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পরে সপ্তম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে সেটি যুক্ত হয়।
বিশিষ্টজনদের অভিমত: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী বলেন, একুশকে বিকশিত করার জন্য কুমিল্লা অঞ্চলে তিন নদী পরিষদ বিরাট ভূমিকা রাখছে। টানা ৩৩ বছর ২১ দিনব্যাপী কোনো সংগঠন এমন আয়োজন করছে, এমন উদাহরণ বিরল। বাবুলই সেটি করছে। বিশিষ্ট চিত্রশিল্পী উত্তম গুহ বলেন, তিন নদী পরিষদের একুশে আয়োজন একটি ইতিহাস। মুক্তিযুদ্ধকালীন কুমিল্লার প্রশাসক আহমেদ আলী বলেন, একটানা ৩৩ বছর ২১ দিনব্যাপী অনুষ্ঠান করা খুবই কঠিন। আবুল হাসানাতসহ তিন নদী পরিষদের সদস্যরা মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ থেকেই সেটি করে আসছেন। এটি মফস্বল শহরে বিরল ঘটনা। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান বলেন, আবুল হাসানাত একজন চারণ ও নিভৃতচারী সাংবাদিক। তাঁর এবং তিন নদী পরিষদের উদ্যোগ প্রশংসনীয়।
একজন আবুল হাসানাত: আবুল হাসানাত কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক। নির্মোহ ও সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত আবুল হাসানাতের জন্ম ১৯৫০ সালের ৯ নভেম্বর। ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন কুমিল্লার প্রাচীনতম সাপ্তাহিক আমোদ ও রূপসী বাংলা পত্রিকায়। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের চাঁদপুর শাখার সাহিত্য সম্পাদক ছিলেন। ১৯৯৩ সালের আগস্ট মাসে সাপ্তাহিক অভিবাদন নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ওই পত্রিকাকে কেন্দ্র করেই তাঁর সাংস্কৃতিক জগৎ। সিটি করপোরেশনের আলোকসজ্জা, তথ্য অফিসের মাইক আর সংস্কৃতিপ্রেমীদের অনুদানে একুশের অনুষ্ঠান চালিয়ে আসছেন। আবুল হাসানাত বাবুলের স্বপ্ন জামতলার বেদিটি ভাষাসৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত মঞ্চ’ নামে হোক। এ জন্য কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদনও করা হয়েছে।