একুশের চেতনায় ১০২১ ব্যাগ রক্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ১ হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহের উদ্যোগ নেয়। আজ বুধবার জেলা সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন এক তরুণী। ছবি: প্রথম আলো
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ১ হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহের উদ্যোগ নেয়। আজ বুধবার জেলা সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন এক তরুণী। ছবি: প্রথম আলো

ছুটির দিন। তাই মাগুরা সদর হাসপাতালের বহির্বিভাগ ছিল অনেকটাই ফাঁকা। লোক চলাচল ছিল হাতে গোনা। আজ বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় হাসপাতালটির প্যাথলজি বিভাগের সামনে মানুষের জটলা চোখে পড়ে। কাছে গিয়ে দেখা যায়, বারান্দার একপাশের বেঞ্চিতে বসে আছেন কয়েকজন তরুণ-তরুণী। তাঁরা অপেক্ষা করছেন।

প্যাথলজি বিভাগের দরজা ঘেঁষে বারান্দায় পাতা বিছানায় শুয়ে আছেন এক তরুণী। তিনি রক্ত দিচ্ছেন। সেখানে চিকিৎসক এবং নার্সরাও ছিলেন। দেখা মিলল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও। জানা গেল, সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মাগুরা সদর হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর, স্থানীয় শহীদ মিনার, পৌরসভা চত্বর, চার উপজেলা পরিষদ কার্যালয়ে একযোগে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। একুশে ফেব্রুয়ারির বিশেষ এই দিনে ১ হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হচ্ছিল। বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক স্বেচ্ছায় রক্ত দেন। চমৎকার এক মানবিক দৃশ্য। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর প্রত্যয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের। তবে এঁদের মধ্যে বেশির ভাগই তরুণ-তরুণী।

রক্ত দিতে পেরে দারুণ খুশি তরুণ রিপা হৃদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার গায়ে জ্বর। তারপরও রক্ত দিতে এসেছি। অনেক ভালো লাগছে। একজন মানুষ হিসেবে মানুষের জন্য কিছু একটা করতে পারছি। এর চেয়ে বড় কিছু নেই।’ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। তবুও রক্ত দিতে এসেছেন এক তরুণী। কিন্তু চিকিৎসক নিতে চাননি, তাই মন খারাপ। নাছড়বান্দা ওই তরুণী রক্ত দেবেনই। শেষ পর্যন্ত চিকিৎসক সান্ত্বনা দিলেন, ‘নাম-ঠিকানা লিখে যান। পরে আপনাকে ডেকে আমরা রক্ত নেব।’

শহরের মোল্লাপাড়া থেকে এসেছে এক এসএসসি পরীক্ষার্থী। আজও তার একটি বিষয়ের পরীক্ষা ছিল। এরপরও সে রক্ত দিতে চায়। বাবা-মাকে ফাঁকি দিয়ে এসেছে। রক্ত সে দেবেই। কারও কোনো কথাই সে শুনবে না। অতঃপর তার রক্ত নেওয়া হলো। মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় যৌথভাবে আমরা এ মহৎ কর্মসূচি পালন করছি। দেশ-বিদেশের কোথাও এমন কর্মসূচি পালন করা হচ্ছে বলে আমাদের জানা নেই। রক্ত দেওয়ার মতো মহৎ কাজ আর হয় না। মানুষের কল্যাণে মানুষ কীভাবে এগিয়ে আসতে পারে, এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি।’

সুশান্ত কুমার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ১ হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এত রক্তের আমাদের প্রয়োজন নেই। সংরক্ষণ করাও মুশকিল। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতে রক্ত পাঠানো হবে। এ ছাড়া কিছু স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক ব্যক্তিদের আমরা নাম-ঠিকানা রেখে দিচ্ছি। পরে প্রয়োজন অনুযায়ী তাঁদের কাছ থেকে রক্ত নেওয়া হবে।’

জেলা প্রশাসক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এমন ধারণা আমি পেয়েছি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর কাছ থেকে। তিনি আমাকে একুশে ফেব্রুয়ারিতে এই মহৎ উদ্যোগটি নিতে ধারণা দিয়েছিলেন। পরে স্থানীয় পর্যায়ে আলাপ-আলোচনা করি। কিন্তু সবাই এটিকে উচ্চাকাঙ্ক্ষা বলেন। পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন আমাকে আশ্বস্ত করেন। আমরা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাই।’

জেলা প্রশাসক বলেন, ‘এত বিপুল সাড়া পাব ভাবতে পারিনি। কলেজের ছাত্রছাত্রীরা রক্ত দিতে যেভাবে এগিয়ে এসেছে, তা অভাবনীয়। এতে প্রমাণিত হয়, যেকোনো ভালো কাজ তরুণদের দিয়ে করানো সম্ভব। শুধু উদ্যোগটা নিতে হবে। অনেকের রক্ত নেওয়া হয়নি। কিন্তু তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে রক্ত দেবে। একুশের চেতনায় সফলভাবে কাজটি করতে পেরে সত্যিই আমরা আনন্দিত।’