একুশের ডাক দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলায় জেলায় ভাষা আন্দোলন আজ বাজিতপুর

.
.

বৃহত্তর ময়মনসিংহ জেলার পুরো অঞ্চলে ব্যাপক জমিদার-মহাজনের শাসন-শোষণের প্রতিক্রিয়ায় এবং ধর্মীয় প্রচারের কারণে মুসলিম সমাজে রক্ষণশীলতার প্রাধান্য লক্ষ করা গেছে। তাই এ অঞ্চলে ভাষা আন্দোলন সূচনালগ্নে বিস্তর বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে; তবে হার মানেনি ছাত্র-যুব-জনতার মাতৃভাষা প্রেম।
তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত দূর বাজিতপুর থানা এলাকায় মূলত স্কুলছাত্রদের উদ্যোগে সংগ্রামী চরিত্র অর্জন করে একুশের ভাষা আন্দোলন। ঢাকায় একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণে প্রতিবাদী ছাত্র-অছাত্র হত্যার খবরে যথারীতি উত্তেজিত, আবেগাচ্ছন্ন হয়ে ওঠে বাজিতপুরের ছাত্রসমাজ ও রাজনীতিমনস্ক লোকজন। একুশের সন্ধ্যাতেই সিদ্ধান্ত হয় প্রতিবাদ ও আন্দোলনের।
এ সম্পর্কে নাসরুল আনোয়ারের প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার মর্মান্তিক খবর শোনার পর ‘ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষের সিদ্ধান্ত হয় পরদিন ২২ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালনের। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে স্থানীয় ইংরেজি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা। ব্যাপক আবেগ-উত্তেজনার মধ্যে পরদিন (২২ ফেব্রুয়ারি) সকালেই বাজিতপুর ইংরেজি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আনিসুর রহমানকে আহ্বায়ক করে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। পরিষদের সদস্য নির্বাচিত হয় সৈয়দ সিরাজুল হুদা, প্রাণেশ কুমার সাহা, আবদুল কাইউম, আবদুস সালাম, শামছুল হক, মোহাম্মদ আলী, বেলায়েত হোসেন প্রমুখ স্কুলছাত্র।’
এ ধরনের ঘটনা ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে দূর গ্রামাঞ্চলের স্কুলে ঘটতে দেখা গেছে, কি উত্তরবঙ্গে, কি পূর্ববঙ্গে। তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলের শ্যামগ্রাম ইংরেজি উচ্চবিদ্যালয়ের ছাত্রদের একুশের মহতী যজ্ঞে প্রবল উৎসাহে অংশ নিতে দেখা গেছে। স্কুল প্রাঙ্গণে সভা শেষে মিছিলের দৃপ্ত পদাচরণ মেঘনাতীরে মানিকনগর স্টিমারঘাট পর্যন্ত পৌঁছে যায়। বাজারের দোকানি, ক্রেতা-বিক্রেতা, গ্রামের মানুষ বিস্ময়ভরে কিশোরদের প্রবল উত্তেজনা লক্ষ করে আর মনোযোগ দিয়ে শোনে মিছিলের স্লোগান: ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।
দূর অঞ্চলের গ্রামের মানুষ ‘রাষ্ট্রভাষা’ বলতে কী বোঝায়, তা জানে না। তাদের বুঝিয়ে বলে ছাত্রনেতারা। আর ভাষা, তথা মাতৃভাষার বিষয়টা বুঝতে তাদের কষ্ট হয় না। কোথায় নবীনগর থানার অন্তর্গত শ্যামগ্রামের স্কুল, আর কোথায় উত্তরের পাঁচবিবির স্কুলছাত্র, কিন্তু ভাষার দাবি বাস্তবায়নে প্রতিবাদী মিছিলে স্লোগান তোলার ক্ষেত্রে কোনো প্রভেদ নেই।

দুই.
একুশের ডাক পৌঁছে যায় দূর গ্রামে, একুশে চেতনার আগুন ছড়িয়ে যায় সবখানে। বাজিতপুর স্কুলের ছাত্রদের কচি কচি কণ্ঠে মিছিলে স্লোগান: ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’ ইত্যাদি। সড়ক পরিক্রমার মধ্যেই ছাত্র-মিছিলের একটি অংশ দাঁড়িয়ে পড়ে বাজিতপুর থানা সদরে আসার সড়কগুলোর মুখে। কঠিন কোনো অবরোধ নয়, গ্রাম থেকে আসা খুদে বিক্রেতাদের বুঝিয়ে বলা, ‘আজ হরতাল, আজ বাজার জমবে না। এক দিন একটু কষ্ট করেন। আজ ফিরে যান। হরতালে অংশ নিন।’ আশ্চর্য, এদিন গ্রামের মাছওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা কেউ বাজারে বসেননি, বিনা প্রতিবাদে ফিরে গেছেন। তাই বাজার বন্ধ, দোকানপাট, অফিস-আদালত বন্ধ।
শুধু প্রতিবাদ নয়, শহীদদের জন্য শোক প্রকাশও বটে। এই মিছিলে নগ্ন পদযাত্রায় প্রাথমিক স্কুলের ছোট ছোট ছাত্রও এসে যোগ দিয়েছে বড়দের সঙ্গে। মিছিলের আয়তন বেড়েছে তাতে। পূর্বোক্ত প্রতিবেদকের ভাষ্যে দেখা যায়, ‘মিছিলে অংশ নিয়েছে সর্বস্তরের জনগণ।’ তাদের কণ্ঠে স্লোগান: ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুনি নুরুল আমিনের বিচার চাই’ ইত্যাদি।
স্লোগানে উত্তেজনা বাড়ছে, ক্ষোভ উপচে পড়ছে। যেতে যেতে পথে টেলিগ্রাফ অফিস সামনে পড়ে। উৎসাহী কয়েকজন এগিয়ে গিয়ে টেলিগ্রাফের তার কেটে দেয়। বিক্ষোভকারীরা সেদিন বাজিতপুর কার্যত অচল করে দেয়। মানুষ স্বতঃস্ফূর্ত প্রেরণায় গতানুগতিক কার্যক্রম থেকে বিরত থাকে, মূলত ছাত্রদের অনুরোধে।
২৩ ফেব্রুয়ারি শোকসভা। সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন আনিসুর রহমান ও আরও অনেকে। চুপ করে বসে থাকেনি থানা প্রশাসন। তবে কচিমুখ স্কুলছাত্র বলেই বোধ হয় প্রতিবাদী আন্দোলনের প্রতি ততটা কঠোর হতে পারেনি বাজিতপুরের পুলিশ প্রশাসন। তা সত্ত্বেও ছাত্রনেতা আনিসুর রহমানকে দুই মাস কারাবাস করতে হয়। দূর বাজিতপুর এভাবেই ভাষা আন্দোলনের দায় পালন করে, ইতিহাসের পাতায় নাম লেখায়।