একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শেখ হাসিনা দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, প্রতিমন্ত্রী, সাংসদেরা, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এর পরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বাসস।