একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে সরকার ও জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা এক মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে প্রধানমন্ত্রী দলীয় নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে নতুন বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’র উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।গতকাল প্রথম প্রহরে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের নেতৃবৃন্দ, রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ, দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দলের নেতৃবৃন্দ এবং খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদের নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, সেক্টরস কমান্ডারস ফোরাম এবং যুবলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ২০ মিনিটে সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।