বাঙালির একুশে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাতফেরি আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। একুশের সেই আবেগ আর ঐতিহ্য বাদ দিয়ে রাত ১২টায় ইংরেজি নিয়মে প্রভাতফেরি করা হচ্ছে, যা ভাষা দিবসের মূল চেতনার ওপর আঘাত।
অমর একুশে উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘রক্ত শপথে আমরা তোমাদের স্মরণ করি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ অভিযোগ করেন। গতকাল শুক্রবার বিকেলে তোপখানা রোডে উদীচীর কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষাসংগ্রামী আহমদ রফিক একুশের প্রভাতফেরির মূল চেতনা ফিরিয়ে আনার দাবি জানান। তিনি বলেন, ‘আমরা একুশে ফেব্রুয়ারির অর্জন নিয়ে আত্মতৃপ্তিতে ভুগি। কিন্তু এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। উচ্চ আলাদতে এখনো বাংলার প্রচলন শুরু হয়নি। প্রভাতফেরির সংস্কৃতি আমরা নষ্ট করে রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিচ্ছি।’ একুশে ফেব্রুয়ারির ঐতিহ্য ফিরিয়ে আনতে তরুণসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগরের সভাপতি কাজী মোহাম্মদ শীশ বলেন, ‘বাংলা ছাড়াও বাংলাদেশের অন্য যে আদিবাসী ভাষাগুলো রয়েছে তার অধিকার প্রতিষ্ঠায় এবং উৎকর্ষের জন্য আমাদের কাজ করতে হবে।’ নিজের তরুণ বয়সের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ভোরে গোপীবাগ-গেন্ডারিয়া থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে যেতাম। আর এখন সবাই রাত ১২টায় শহীদ মিনারে যায়। এই সংস্কৃতি একুশের চেতনার সঙ্গে যায় না।’
কলকাতা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘১০০ মাইল’-এর প্রতিনিধি অমিতাভ সেনগুপ্ত বলেন, বাংলার অধিকার রক্ষায় এপার বাংলা আর ওপার বাংলা যদি এক হয়, তাহলে কী ক্ষতি হয়।’ অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা নাটক, সংগীত এবং কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের ‘মানবজমিন শিল্পীগোষ্ঠী’ সংগীত পরিবেশন করে।