ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে অংশ নেওয়া ভারতীয় কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে। তাই এক দেশ অন্য দেশকে বুঝতে ও বোঝাতে চাইছে। এরই অংশ হিসেবে দুই দেশের কর্মকর্তারা ওয়াশিংটন, নিউইয়র্ক ও ঢাকায় সম্প্রতি নিজেদের মধ্যে আলোচনা করছেন। মজীনার দিল্লি সফর এ প্রক্রিয়ারই অংশ।
দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ড্যান মজীনা গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এসব বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কী ভাবছে, সেটি মজীনা বোঝার চেষ্টা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কূটনীতিক জানিয়েছেন, মজীনা ও ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের আগামী নির্বাচন ও গণতান্ত্রিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিন্ন মত তুলে ধরেছেন। দুই পক্ষই মনে করছে, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন অব্যাহত থাকা উচিত। আর এটি অব্যাহত রাখতে হলে অপরিহার্য হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।
মজীনা ও ভারতীয় কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ভারত ও যুক্তরাষ্ট্র মনে করে, ভৌগোলিক অবস্থানের কারণে কৌশলগতভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। তাই বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ভারত ও এর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো তো বটেই, দক্ষিণ এশিয়ার জন্যও গুরুত্বপূর্ণ।
আগামী দিনে বাংলাদেশ-ভারতসহ বঙ্গোপসাগরীয় অঞ্চল আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে চলেছে। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসবাদকে উসকে দেবে কি না বা এ ধরনের কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে কি না, তা বিশ্লেষণ করে দেখছে দুই পক্ষ। এ ধরনের কোনো শক্তির উত্থান যাতে না হয়, সে ব্যাপারে সজাগ থাকাটা অপরিহার্য বলেও মনে করেন দুই দেশের কর্মকর্তারা।
তিন দিনের সফরে দিল্লি যাওয়ার আগের দিন গত মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন মজীনা। ওই বৈঠকেও তাঁরা অন্য বিষয়ের পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন।