একে অন্যের বক্তব্যের প্রশংসায় হাসিনা-ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ালডর্ফ এস্টোরিয়া হোটেলে দুই নেতার মধ্যে সাক্ষাতের সময় তাঁরা জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেওয়া বক্তব্যের জন্য একে অন্যের প্রশংসাও করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা এখন নিউইয়র্কে। গতকাল বুধবার বৈশ্বিক শিক্ষাবিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, চিলি, কাতারসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
মঙ্গলবার রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা নৈশভোজ দেন। সেখানেই ওবামা ও শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
নৈশভোজ থেকে প্রধানমন্ত্রী ফিরে আসার পর তাঁর সফরসঙ্গী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে দেওয়া বক্তব্যের জন্য প্রেসিডেন্ট ওবামার প্রশংসা করেন। জবাবে প্রেসিডেন্ট ওবামাও বিশ্ব পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করেন। এ সময় প্রেসিডেন্ট ওবামা প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে যোগ দেওয়া তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেখে বলেন, ‘আপনাকে দারুণ লাগছে।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা ম্যানহাটনের হোটেল গ্রান্ড হায়াতে অবস্থান করছেন।
আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ কামনা: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদীয়মান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য নরওয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন। বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।