রাজশাহীর পবায় সম্প্রতি দুই শিশুকে মুঠোফোন চুরির অভিযোগে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় একে একে জামিন পেয়ে গেলেন আট আসামি। মামলার মোট ১৩ আসামির অন্যরা এখনো জামিন আবেদন করেননি।
পবার ঘটনায় অভিযোগ উঠেছে, এ রকম চাঞ্চল্যকর একটি ঘটনায় ‘পুলিশের ষড়যন্ত্রে’ দুর্বল মামলা করা ও দায়সারাগোছের এজাহারের কারণেই জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন আসামিরা। এ অভিযোগে পবায় এক মানববন্ধনে অংশ নিয়েছেন নারী-শিশুরা। আর নির্যাতনে অসুস্থ শিশু দুটিকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শিশু নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার আরও তিন আসামিকে জামিন দিয়েছেন রাজশাহীর শিশু আদালত। এর আগে পাঁচ আসামি জামিন পান। আটজনের মধ্যে আজিজুল ও অনিক নামের দুজন গ্রেপ্তার হওয়া আসামি ছিলেন। গত শনিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার জামিন পান আজিজুল এবং বুধবার রাতে গ্রেপ্তারের পর গতকাল জামিন পান অনিক।
অনিক ছাড়াও গতকাল নতুন করে জামিন পাওয়া দুই আসামি হলেন রাজ্জাক (৪৫) ও পলাশ (৩৫)। এ দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আর অনিককে (২১) পবার দোয়ারি এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর গতকাল সকালে পুলিশ তাঁকে আদালতে পাঠালে তিনি জামিন আবেদন করেন।
রাজশাহী শিশু আদালতের এপিপি রাশেদ উন নবী আহসান বলেন, এ নিয়ে দুই শিশু নির্যাতনের মামলায় আট আসামি জামিন পেলেন। মামলায় মোট আসামি ১৩ জন।
এভাবে আসামিরা জামিন পেয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নির্যাতিত শিশুদের গ্রামের নারী ও শিশুরা মানববন্ধন করেছে। ‘পুলিশের ষড়যন্ত্রে’ মামলায় দুর্বল ধারা সংযোজন ও প্রধান আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কম গুরুত্ব দিয়ে এজাহার উপস্থাপনের অভিযোগে এ মানববন্ধন হয়। গতকাল দুপুর ১২টার দিকে পবার করমজার মোড়ে চৌবাড়িয়া গ্রামের নারী ও শিশুরা এ কর্মসূচি আয়োজন করে। বেলা পৌনে একটা পর্যন্ত চলে কর্মসূচি।
অভিযোগের ব্যাপারে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
১২ ফেব্রুয়ারি পবার বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমনকে চৌবাড়িয়া গ্রামের রাকিবের বাড়িতে আটকে ছয় ঘণ্টা নির্যাতন করা হয়। ধারণ করা হয় নির্যাতনের ভিডিও চিত্র। এ ঘটনায় এক সেনা ও এক র্যা বের সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন জাহিদের বাবা ইমরান আলী।
ইমরান আলী গতকাল জানান, বুকব্যথায় তাঁর ছেলে এখনো কথা বলতে পারছে না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। একই কারণে ইমনকেও এ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তার দাদি আছিয়া খাতুন জানান।