একে একে মারা গেল চার নবজাতক বোন
বরগুনার তালতলী উপজেলার চরপাড়া গ্রামের রেখা রানী গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে চারটি মেয়েসন্তান প্রসব করেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে চার নবজাতকসহ তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে একে এক তাঁর চার নবজাতকই মারা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রেখা রানী (২৮) গত বছর ডিসেম্বর মাসে অন্তঃসত্ত্বা হন। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, তাঁর গর্ভে তিনটি সন্তান রয়েছে। প্রসবের সম্ভাব্য তারিখ বলা হয় আগামী ১৫ আগস্ট। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে রেখার প্রসবব্যথা ওঠে। দিবাগত রাত তিনটার দিকে তিনি একে একে চারটি মেয়েসন্তানের জন্ম দেন। এরপর মা ও শিশুরা অসুস্থ হয়ে পড়লে গতকাল সকাল আটটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে একে একে তিন নবজাতকের মৃত্যু হয়। বেলা সাড়ে তিনটার দিকে মারা যায় চতুর্থ শিশুটিও।
রেখা রানীর স্বামী বিকাশ মিস্ত্রি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমার স্ত্রীর যথাযথ পরিচর্যা করেছি। সন্তান হলো, কিন্তু বাঁচানো গেল না।’
রেখার বড় ভাই সুবাস মিস্ত্রি বলেন, ‘আমার বোন ও তাঁর চার সদ্যঃপ্রসূত বাচ্চাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর একজন চিকিৎসক এসে একনজর দেখে যান। এরপর কোনো চিকিৎসক আসেননি। খোঁজও নেননি। এমনকি ওয়ার্ডের কর্তব্যরত নার্সরাও ঠিকমতো সেবাও দেননি। বরং তাঁরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এতে অতিষ্ঠ হয়ে বিকেল চারটার দিকে আমার বোনকে একটি বেসরকারি ক্লিনিকে এনে ভর্তি করেছি।’
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সোহরাব হোসেন বলেন, বাচ্চাগুলো পরিপূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হয়। বাচ্চাগুলোর ওজন ছিল ২০০ থেকে ৪০০ গ্রাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এখানে সামর্থ্য খুবই সীমিত। এরপরও আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। কিন্তু বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি।’