ময়মনসিংহে খাদ্যে বিষক্রিয়ায় মারা গেল একই পরিবারের চারজন
একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাঁরা
মা, মেয়ে আর নাতনিকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণপাড়া গ্রামের আম্বিয়া খাতুন। সেখানে ঘরে তৈরি রুটি খাওয়ার পর অসুস্থ বোধ করেন তাঁরা সবাই। একপর্যায়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা, মেয়ে ও নাতনি। তাঁদের সহযাত্রী হন আম্বিয়ার এক ভাগনিও। আর অসুস্থ আম্বিয়া এখন আরও তিনজনের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন।
আম্বিয়ার বোনের বাড়ি ত্রিশালের বাদামিয়া গ্রামে। এ ঘটনা গতকাল বৃহস্পতিবারের। চিকিৎসকেরা বলছেন, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এ প্রাণহানি। এ ঘটনায় ওই গ্রামের মুদি দোকানি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষক্রিয়ায় মৃতরা হলেন: আম্বিয়ার মা জোবেদা বেগম ওরফে হাজেরা (৬৫), ভাগনি নাজমা বেগম (১৮), মেয়ে মোছা. বিথী (৯) ও নাতনি দিলরুবা আক্তার (৮)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আম্বিয়ার (৫০) সঙ্গে চিকিৎসা নিচ্ছেন তাঁর ভাগনি আসমা বেগম (২৮), সালমা বেগম (১০) ও ভাগনেবউ রুমা আক্তার (২২)।
আম্বিয়াসহ ওই পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, আম্বিয়া তাঁর মা জোবেদা, মেয়ে বিথী ও নাতনি দিলরুবাকে নিয়ে গত বুধবার বাদামিয়া গ্রামে বোন রোকেয়া বেগমের বাড়ি যান। রোকেয়া ও তাঁরা স্বামী আবুল কালাম ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তাঁরা বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন রোকেয়ার মেয়ে নাজমা, সালমা, আসমা ও পুত্রবধূ রুমা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সবাই একসঙ্গে বসে ঘরে তৈরি রুটি খান। খাওয়া শেষ করার পরপরই সবাই পেটে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে ব্যথ্যায় কাতর হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক সবাইকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে দিলরুবা ও বিথী মারা যায়। পৌঁছার পরপরই নাজমার এবং বিকেলের দিকে জোবেদার মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব কুমার দাস জানান, খাদ্যের বিষক্রিয়ায় দিলরুবা ও বিথীর মৃত্যু হয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, চিকিৎসাধীন চারজনের কেউ আশঙ্কামুক্ত নন।
প্রতিবেশীরা জানান, গৃহকর্তা আবুল কালাম পাঁচ দিন আগে ঢাকা থেকে আসেন। সেই দিনই তিনি সাইফুলের দোকান থেকে আটা কেনেন। গতকাল প্রথম ওই আটা দিয়ে রুটি বানানো হয়। কয়েকজন প্রতিবেশী জানান, তাঁরা অনেকেই সাইফুলের দোকানের আটা কিনে খান। কেউ কোনো দিন অসুস্থ হননি।
মৃত দিলরুবার বাবা খলিল মিয়া জানান, তাঁদের পারিবারিক কোনো কলহ নেই। ষড়যন্ত্র করে কেউ খাবারে বিষ মিশিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।