একে ধরিয়ে দিলে মিলবে পাঁচ লাখ টাকা

আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সন্দেহভাজন শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, এই ব্যক্তিকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এই ব্যক্তির ছবিসহ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ডিএমপির ওয়েবসাইটে আজ বুধবার প্রকাশ করা হয়েছে।
ডিএমপি নিউজে বলা হয়েছে, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। এ ছাড়া এই ব্যক্তি প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কর্ণধার ফয়সল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু ও নাজিম উদ্দিন সামাদ, সমকামীদের অধিকারকর্মী জুলহাস মান্নান ও তাঁর বন্ধু তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্ব প্রদানকারী।
বিজ্ঞপ্তিতে চারটি নাম উল্লেখ করে বলা হয়েছে, এই নামগুলো তাঁর প্রকৃত নাম না–ও হতে পারে। এই ব্যক্তিকে ধরা বা তাঁর সম্পর্কে তথ্য ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ (facebook.com/dmpdhaka/), মোবাইল অ্যাপস Hello CT—তে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮ ও ০১৭১৩৩৭৩২০৬—এই তিনটি মোবাইল নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে।