
পুরান ঢাকার শাঁখারীবাজার প্রান্তে কোর্ট হাউস স্ট্রিটের প্রবেশমুখে লোহার গ্রিল দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পথচারীদের চলাচল নিরাপদ করতে এ ব্যবস্থা। কিন্তু তারপরও নিস্তার নেই। এখনো রাস্তার অর্ধেকটাই কাঁচাবাজার, গাড়ি আর দালালদের দখলে।
জেলা প্রশাসকের কার্যালয় এবং জজ কোর্টের পেছনে গুরুত্বপূর্ণ এই সড়কটি শীত-বর্ষা সব মৌসুমেই থাকে ভাঙাচোরা। চলতে গিয়ে গতকাল রোববারও দেখা গেছে, কোথাও কোথাও ইট বেরিয়ে আছে। আদালতে আসা লোকজন চলতে গিয়ে ভাঙা রাস্তায় হোঁচট খান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ থেকে অবশ্য শিগগিরই রাস্তাটি মেরামত করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল গিয়ে দেখা যায়, শাঁখারীবাজার প্রান্তে লোহার গ্রিল। নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন এ ব্যবস্থা করেছে। তারপরও ভেতরে রাস্তার এখানে-ওখানে রাখা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল। এমনকি আইনজীবী সমিতি ভবনের সামনেও বিশৃঙ্খলভাবে রাখা হয়েছে অনেক গাড়ি।
গ্রিল দেওয়া হলেও ভেতর দিয়েই ঢুকছে মোটরসাইকেল। বাধা দেওয়ার কেউ নেই। শাঁখারীবাজারের প্রবেশপথের ঠিক পশ্চিমে আলাদা একটি রাস্তা রয়েছে, যে দিক দিয়ে কোর্টে আসা গাড়িগুলো ঢোকানোর ব্যবস্থা আছে। কিন্তু বাইরের ব্যক্তিগত কিছু গাড়িও ওই পথে ঢুকে পড়ছে। কোর্টের পার্কিং স্থানে জায়গা কম থাকায় কিছু গাড়ি ভেতর দিয়ে এসে এই রাস্তায় দাঁড়াচ্ছে।
আইনজীবী সমিতি ভবন থেকে রায়সাহেব বাজার পর্যন্ত পুরো রাস্তায় রয়েছে অবৈধ কাঁচাবাজার। শীতের সবজি থেকে শুরু করে মাছ-মাংস, ডিম এমনকি আদা-রসুন, ময়দা, চালের গুঁড়া নিয়েও বসেছেন অনেকে। পাওয়া যাচ্ছে মৌসুমি ফুল-ফল সবই। রাস্তার ওপর মুরগির দুটি খাঁচা নিয়ে বসেছেন আবদুর রহমান। বললেন, রায়সাহেব বাজারের সামনে আগে বসতেন, সেখান থেকে চলে আসতে হয়েছে। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে এখানে বসেন। জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সামনে রাস্তার ওপর রীতিমতো টেবিল বেঞ্চ নিয়ে দাঁত তোলার কাছে ব্যস্ত এক ব্যক্তি।
ফুলবিক্রেতা আমির হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছিল এক ক্রেতার। ক্রেতার অভিযোগ, ১০ টাকার ফুল ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। একপর্যায়ে তিরিক্ষি মেজাজে তাঁকে বলতে শোনা গেল ‘রাস্তা দখল করে বসেছ, দোকান ভাড়া লাগে না। তারপরও ফুল দিয়ে গলা কাটো কেন?’
এলাকাটি কোতোয়ালি থানার অধীনে। রাস্তা দখল করে রাখা কাঁচাবাজার ও দোকানের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেই কেন, জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, সিটি করপোরেশনের সহায়তায় মাঝে মাঝে উচ্ছেদ হলেও আবারও বাজার বসে যায়।