একে-৪৭ রাইফেলসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পাইন্যাশা ঘোনা এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম নজরুল আলম (৩২)। গতকাল বুধবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)-এর একটি দল ক্রেতা সেজে তাঁকে আটক করে। গতকাল সন্ধ্যায় র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাপ্টেন সিরাজ জানান, তিনি এবং র্যাবের মেজর মো. জামানের নেতৃত্বে একটি দল ক্রেতা সেজে গতকাল বুধবার বিকেলে রামু উপজেলার দুর্গম ঈদগড় ইউনিয়নের পাইন্যাশাঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ক্রেতা সেজে একটি একে-৪৭সহ নজরুল আলমকে আটক করা হয়। চার লাখ টাকায় কেনার প্রলোভন দেখিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে নজরুল আলম জানিয়েছেন, রাইফেলটি সাড়ে তিন লাখ টাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্যের কাছ থেকে তিনি কেনেন।