একেই বলে খেসারত!
ছয় বছর আগে বন্ধ হয়ে যাওয়া বগুড়ার আদমদীঘির সান্তাহার ২০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ পুনরায় শুরু করেছেন হাসপাতালের নির্মাণকাজ তদারকি প্রতিষ্ঠানের (সিএমএমইউ) তৎকালীন দুই প্রকৌশলী ও এক ভান্ডার কর্মকর্তা।কাজ শেষ না হওয়ার আগেই ঠিকাদারকে বিল দেওয়ার অপরাধে তাঁদের এ খেসারত দিতে হচ্ছে।সিএমএমইউ বগুড়ার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে তিন কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই হাসপাতালের কাজ পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম তুহিন। তিনি কাজ শেষ না করেই সব বিল তুলে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পালিয়ে যান।পরবর্তীতে হাসপাতাল নির্মাণে দুর্নীতিসহ নানা বিষয়ে বেশ কয়েকবার সংবাদপত্রে প্রতিবেদন ছাপানো হলে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নজরে আসে। মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়কে চলতি বছরের শুরুতে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে বেশ কিছু কাজ শেষ না করেই প্রায় কোটি টাকার বিল তুলে নেওয়ার প্রমাণ মেলে। কাজ শেষ হওয়ার আগেই বিল দেওয়ার জন্য দুদকের কর্মকর্তারা সিএমএমইউ বগুড়ার তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাইফুল আলম, সহকারী প্রকৌশলী ইচাহাক আলী এবং ভান্ডার কর্মকর্তা মোহামঞ্চদ আলী জিন্নাহকে দায়ী করেন। চলতি বছরের মে মাস থেকে ওই তিন কর্মকর্তা শ্রমিক নিয়োগ করে স্বেছায় হাসপাতালে অসমাপ্ত কাজ শুরু করেন। ওই তিনজনের পক্ষে কাজের তদারকি করছেন সান্তাহারের বাসিন্দা সপ্তম কুমার ভৌমিক। তিনি বলেন, হাসপাতালের অসমাপ্ত কাজ শেষ করতে প্রায় ৬০-৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে। মে মাস থেকে এ কাজ শুরু হয়। এই টাকা সরবরাহ করছেন ওই তিন কর্মকর্তা।সিএমএমইউ বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার আলী বলেন, কিছু অনিয়ম হয়েছিল। এ কারণে আর্থিক ক্ষতি হলেও সংশ্লিষ্টদের কাজ করে দিতে হচ্ছে। কাজ তদারকির বিষয়ে তিনি বলেন, যাঁরা তদারকির দায়িত্বে ছিলেন তাঁরাই তো কাজ করছেন। এ ক্ষেত্রে কাজের মান খারাপ হওয়ার কথা নয়।