পেটে ব্যথা থাকায় সেলিনা আক্তারকে চিকিৎসক আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। সে অনুযায়ী গত ১০ আগস্ট শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে তিনি আলট্রাসনোগ্রাম করান। প্রতিবেদনে দেখা যায়, সেলিনার পেটে পাথর রয়েছে। পরে আবার সিএসসিআর ও মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে একই আলট্রাসনোগ্রাম করানো হলে সেখানে কোনো ধরনের পাথরের অস্তিত্ব পাওয়া যায়নি। এভাবে একেক রোগ নির্ণয়কেন্দ্রের একেক ধরনের প্রতিবেদন নিয়ে রোগী ও তাঁদের স্বজনেরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ ধরনের ভুল প্রতিবেদন নিয়ে চিকিৎসকেরাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এতে রোগীদের চিকিৎসা ব্যয় বাড়ার পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ছে। কিন্তু এর জন্য রোগ নির্ণয়কেন্দ্রগুলোর তেমন মাথাব্যথা নেই। চট্টগ্রামের প্রায় ২০০টি অনুমোদিত রোগ নির্ণয়কেন্দ্রের বেশির ভাগের বিরুদ্ধে মাঝেমধ্যে ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠছে। বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘এ ধরনের ভুল রিপোর্ট হচ্ছে। কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া যায়। ভুল রোগ নির্ণয় প্রতিবেদনের জন্য মাঝেমধ্যে আমরা চিকিৎসকেরাও সমস্যায় পড়ি।’জানা গেছে, ভুল রোগ নির্ণয় প্রতিবেদনের জন্য সেলিনা আক্তারের স্বামী আবদুল খালেক গত ১৫ সেপ্টেম্বর শেভরন কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন। তাতে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ওই ভুলের জন্য ক্ষমা প্রার্থনার কথা বলা রয়েছে। তবে সেলিনার চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন বলেন, ‘রিপোর্টের বিষয়ে তারা শেভরনকে আইনি নোটিশ না দিয়ে তারা আমাদের কাছে আসতে পারত। শেভরন কর্তৃপক্ষ রিপোর্টের কাগজপত্রগুলো পাঠাতে বলেছে। এখন রোগীপক্ষের কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না, জানি না।’একইভাবে নগরের মেট্রো ডায়াগনস্টিকে গত ২৪ জুলাই নরেন সেনগুপ্ত নামের এক রোগীর প্রোস্টেট ওয়েট পরীক্ষা করে দেখা যায়, ওয়েট ৯৮ গ্রাম। ঢাকা অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন, এ জন্য বড় ধরনের অস্ত্রোপচার করতে হবে। এতে খরচ পড়বে এক লাখ ১০ হাজার টাকা। পরে ২৫ জুলাই অ্যাপোলো হাসপাতালে পুনরায় একই পরীক্ষা করিয়ে দেখা যায়, ওয়েট ৩৮ গ্রাম। পরে ওই হাসপাতালে ৫০ হাজার টাকা দিয়ে এই অস্ত্রোপচার করা হয়। রোগীর ছেলে শেখর সেনগুপ্ত বলেন, ‘একই রিপোর্ট অ্যাপোলোতে করার পর চিকিৎসক বললেন প্রোস্টেট ওয়েট কম আছে। এটি নিশ্চিত হওয়ার জন্য অপর একটি টেস্ট করতে হবে। ওই টেস্ট করেও দেখা গেছে অ্যাপোলোর প্রতিবেদনই ঠিক। কিন্তু মাঝখান থেকে আমাদের পরীক্ষা বাবদ ১০ হাজার টাকা বাড়তি খরচ হয়।’এদিকে, গত মে মাসে শেভরনে ফিরোজা বেগম নামের অপর এক রোগীর রোগ নির্ণয় প্রতিবেদন ভুল আসে বলে অভিযোগ উঠেছে। তাঁর টিএসএইচ (থাইরোড স্টিমুলটিং হরমোন) প্রতিবেদনটি অন্য আরও দুটি রোগ নির্ণয়কেন্দ্রের সঙ্গে মেলেনি। এ জন্যও শেভরনকে আইনি নোটিশ দেওয়া হয়। ফিরোজার ছেলে মোহাম্মদ সোহেল বলেন, ‘চিকিৎসকের পরামর্শে গত ৫ মে শেভরনে আমার মায়ের টিএসএইচ পরীক্ষা করা হয়। কিন্তু রোগ নির্ণয় প্রতিবেদনে দেখা যায়, তাঁর টিএসএইচের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ২৩ বেশি। পরে আম্মার চিকিৎসক সহকারী অধ্যাপক মসিহুজ্জামানের পরামর্শে ল্যাব এইড ও পরমাণু চিকিৎসাকেন্দ্রে পরীক্ষা করালে রোগ নির্ণয় প্রতিবেদন স্বাভাবিক আসে।’আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে শেভরনের মহাব্যবস্থাপক পুলক পারিয়াল বলেন, ‘টিএসএইচ ১৫ পর্যন্ত হলেও কোনো চিকিৎসক ওষুধ দেবেন না। আর মেশিন ভেদে প্রতিবেদনে একটু পার্থক্য হয়।’ ভুল রোগ নির্ণয় প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এতে রোগীদের বাড়তি ব্যয় হয়। এ ছাড়া চিকিৎসকদেরও সমস্যায় পড়তে হয়।’