একের পর এক এনজিওর নামে টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বেসরকারি সংস্থার (এনজিও) নামে মানুষকে নিঃস্ব করে কোটি কোটি টাকা নিয়ে পালাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে মানুষ। অভিযোগ আছে, কোনো অনুমোদন ছাড়াই রাজশাহীর বিভিন্ন এলাকায় এসব ভুয়া সংস্থার কার্যক্রম চললেও প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতারক চক্র পার পেয়ে যাচ্ছে। সর্বশেষ গত বুধবার রাজশাহী থেকে সব শাখা গুটিয়ে পালানোর সময় ইজেন ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থার তানোর প্রতিনিধি রুহুল আমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত জানান, গত বৃহস্পতিবার সংস্থার তানোর শাখার মালামাল জব্দ করে কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে। তারা এক বছরে জামানতের টাকা দিগুণ করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে। কয়েক দিন আগে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম গা ঢাকা দেন। সংস্থাটির প্রধান কার্যালয় ছিল নগরের হুনুমানজি মার্কেটে। ১০-১২ দিন আগে এই কার্যালয়ের মালামাল সংস্থার ভুক্তভোগী গ্রাহকেরা লুট করে নিয়ে গেছেন। অপর কার্যালয়টি নগরের আরডিএ মার্কেটের একটি ভবনে এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নগরের ভুক্তভোগী গ্রাহক সানাউল্লাহ সরকার এই প্রতিষ্ঠানে তিন লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। তিনি জানান, টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে সংস্থাটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাটে প্রায় ৩০০ গ্রাহকের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়েছেন। গত বছর আগস্টে রাজশাহীতে ‘সাসটেইনেবল ট্রেনিং অ্যান্ড রিসার্চ’ (স্টার) নামের একটি বেসরকারি সংস্থার কাছে প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর ৩ আগস্ট জামানতের ২৬ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কথামতো টাকা নিতে এসে সংস্থার কর্মীরা পরিচালককে না পেয়ে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় ঘেরাও করেন। প্রতারিত চাকরিপ্রার্থীরা জানান, সংস্থার কর্মকর্তারা কার্যালয়টি বন্ধ করে লাপাত্তা হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান রাজশাহী নগরের বাটার মোড় এলাকায় একটি কার্যালয় ভাড়া নিয়ে শিক্ষা প্রকল্প বাস্তবায়নের নামে রাজশাহীসহ ছয়টি জেলায় কর্মচারী নিয়োগ দিয়ে আমানত সংগ্রহ অভিযানে নামে। শুধু রাজশাহী থেকেই তারা প্রায় এক কোটি টাকার আমানত সংগ্রহ করে। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মো. আবদুস সামাদ সংস্থাটির ব্যাপারে তদন্ত করে। এই কার্যক্রম চালানোর মতো তাদের কোনো অনুমতিপত্র না থাকায় সংস্থার কর্তৃপক্ষকে কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে বলা হলে তারা কার্যালয় গুটিয়ে চলে যান। গত বছরের ৫ জানুয়ারি অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন রিসার্চ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ২৫০ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তারা নগরের শালবাগান এলাকায় স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে। গত কয়েক বছরে রাজশাহী থেকে এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে পালানো সংস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রিডম উন্নয়ন সংস্থা, প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থা, টার্গেট টোয়েন্টি, মানবকল্যাণ সংস্থা, দুস্থ মানব উন্নয়ন সংস্থা, দারিদ্র্য উন্নয়ন সংস্থা, পল্লী দুর্জয় উন্নয়ন সংস্থা,পল্লী জাগরণ সংস্থা, একতা উন্নয়ন সংস্থা, স্বাধীন পল্লী উন্নয়ন সংস্থা, পুঠিয়া উপজাতি উন্নয়ন সংস্থা, নিহারিকা উন্নয়ন সংস্থা, আলোর দিশা উন্নয়ন সংস্থা, আল আকাবা উন্নয়ন সংস্থা, ইউনিক ও ডায়মন্ডসহ আরও বেশ কয়েকটি সংস্থা। জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, এরা যখন কার্যক্রম শুরু করে, তখন প্রশাসনকে জানায় না। মানুষ যখন প্রতারিত হয়, তখন জানা যায়। তিনি স্বীকার করেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার এ ব্যাপারে আরও নজরদারি দরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ওই সব এনজিও আমাদের নিবন্ধনকৃত নয়। নিয়ম অনুযায়ী আমাদের এলাকায় এনজিওগুলোর কার্যক্রম পরিচালনা করতে হলে আমাদের জানাতে হবে। কিন্তু তারা তা করেনি। আমাদের আওতাভুক্ত নয় বলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি।