একের পর এক খুন, মানুষজন আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের কবির হোসেন সন্ত্রাসীদের হামলায় নিহত হন গত বছরের ১ আগস্ট। এই মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যে কবির হোসেনের ছোট ভাই হাবিবুর রহমানকে গত রোববার দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।কবির ও হাবিবুরের বোন রোজিনা আক্তার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমার বড় ভাইয়ের হত্যা মামলার কোনো আসামিকেই পুলিশ গ্রেপ্তার করেনি। এমনকি মামলার কোনো অভিযোগপত্রও দেয়নি পুলিশ। এজাহারভুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বড় ভাইকে হত্যার পর গ্রেপ্তার না হওয়ায় তারাই আমার ছোট ভাইকে প্রকাশ্যে এভাবে খুন করার সাহস পেয়েছে।’একের পর এক এভাবে খুনের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, খুনের মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতি এবং এসব ঘটনার বিচার শুরু না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। নির্দ্বিধায় করে যাচ্ছে একের পর এক খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে করে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।পুলিশের তথ্যমতে, ২০১১ সালে উপজেলার বিভিন্ন স্থানে ২০টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অজ্ঞাত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যেখানে উপজেলায় ২০১০ সালে ১২টি এবং ২০০৯ সালে সাতটি খুনের ঘটনা ঘটেছিল।এ ছাড়া, উপজেলার সর্বত্র চুরি-ডাকাতি ও মাদকের বেচাকেনাও বেড়েছে। গত বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২০টি ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। তবে সোনারগাঁ থানার পুলিশ অধিকাংশ ডাকাতির ঘটনা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত বছরের ১৯ নভেম্বর উপজেলার পেচাইন গ্রামে স্থানীয় সন্ত্রাসীরা আল-আমিন ও মো. আলামিন মিয়া নামের দুই যুবককে একসঙ্গে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।একই বছরের ১০ নভেম্বর মুছারচর গ্রামে শত্রুতার জের ধরে কলেজছাত্র মফিজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মামলার এজাহারভুক্ত কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি।মফিজুলের বাবা শহীদুল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ শুধু সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেই যেন তাদের দায়িত্ব শেষ করেছে। অভিযোগপত্র দেওয়ার ব্যাপারেও পুলিশ গড়িমসি করছে। আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিচ্ছে।’গত বছরের ১০ সেপ্টেম্বর নোয়াগাঁও ইউনিয়নের বিষনাদী গ্রামের ব্যবসায়ী গোলজার হোসেনকে হত্যা করে তাঁর প্রতিপক্ষরা। এই মামলার এজাহারভুক্ত কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ইতিমধ্যে মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ছাড়া গত এক বছরে সোনারগাঁয়ের বিভিন্ন স্থান থেকে ১৪ জন অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, পুলিশ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করায় এবং মামলাগুলোর বিচার শুরু না হওয়ায় অপরাধীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে।এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি এই থানায় নতুন যোগ দিয়েছি। গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছি। সবগুলো মামলার অভিযোগপত্র অচিরেই আদালতে পাঠানো হবে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।’