একের পর এক ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকেরা। বিদ্যুৎ বিভাগ বলছে, খুঁটির সঙ্গে ট্রান্সফরমার ঝালাই দিয়ে এবং রাতে পাহারা দিয়েও চুরি রোধ করা যাচ্ছে না। অন্যদিকে পুলিশ বলছে, এসব চুরির সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী জড়িত।ডিপিডিসির একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জে গত তিন বছরে ডিপিডিসি ও পল্লী বিদ্যুতের শতাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। একেকটি ট্রান্সফরমারের বাজারমূল্য পাঁচ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। সংঘবদ্ধ চক্র রাতে ট্রান্সফরমার খুলে ট্রাকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, চুরি হওয়া ট্রান্সফরমারের জায়গায় নতুন একটি লাগাতে তিন-চার দিন সময় লেগে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, আবার ট্রান্সফরমার লাগানোর জন্য বিদ্যুৎ বিভাগকে খুশি করতে ১০ থেকে ২০ হাজার টাকা দিতে হয়। নারায়ণগঞ্জ নগরের বাবুরাইল এলাকার বাসিন্দা আবুল সায়েম ও জিসান আহম্মেদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজনই জড়িত। তারা ট্রান্সফরমার চুরি করে, এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে আবার সেই ট্রান্সফরমার লাগিয়ে দিচ্ছে।ডিপিডিসির নারায়ণগঞ্জ সার্কেলের উপমহাব্যবস্থাপক (কারিগরি) একরামুল হক জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ট্রান্সফরমার ঝালাই দিয়েও চুরি বন্ধ করা যাচ্ছে না। চোরের দল ঝালাই ভেঙে ট্রান্সফরমার খুলে নিয়ে যাচ্ছে। এসব ঘটনায় থানায় মামলা করা হলেও কোনো কাজ হচ্ছে না। মাইকিং ও ডিপিডিসির নিরাপত্তা টহল দল দিয়েও চুরি বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, অনেক সময় ডিপিডিসির নিরাপত্তা টহল দলকে চোর ভেবে আইনশৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ করে বসে। এতে নিজস্ব ব্যবস্থায় পাহারা দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।ট্রান্সফরমার চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে একরামুল হক বলেন, অনেক বড় বড় কলকারখানার জন্য নিজস্ব ট্রান্সফরমারের প্রয়োজন হয়। চোরাই ট্রান্সফরমার সেখানে যায় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।সূত্রমতে, ট্রান্সফরমারের ভেতরে তামাসহ অন্যান্য মূল্যবান জিনিস থাকায় চোরেরা চুরিতে বেশি আগ্রহী হচ্ছে। শীতের সময় ট্রান্সফরমার চুরি বেড়ে যায়। কারণ গরমের কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে গেলে মানুষ জেগে যায়। কিন্তু শীতের সময় রাতে বিদ্যুৎ না থাকলেও সমস্যা হয় না। এ সুযোগে চোরের দল ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।ডিপিডিসির কর্মকর্তারা বলেন, মাইকিং করে লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাতে ট্রান্সফরমারে কোনো কাজ করা হয় না। কেউ রাতের বেলায় ট্রান্সফরমারে কাজ করতে গেলে তাঁরা বিদ্যুৎ বিভাগের লোক কি না, তা নিশ্চিত হতে হবে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে, ট্রান্সফরমার চুরির সঙ্গে ডিপিডিসি ও পল্লী বিদ্যুতের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারী জড়িত। ডিপিডিসি এসব চুরির ঘটনায় মামলা করে না। কখনো বা যদি মামলা করে, তাহলে তারা পুলিশকে তেমন সহায়তা করে না। এ কারণে সংঘবদ্ধ চক্রটিকে ধরা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ট্রান্সফরমার চুরি রোধে এলাকাবাসীকেও সচেতন হতে হবে।