একের পর এক দাঁত হারাচ্ছে প্রতিরোধকযন্ত্র

উল্টো পথে গাড়ি চলা প্রতিরোধে রাজধানীর হেয়ার রোডে স্থাপন করা যন্ত্রের ধাতব কাঁটাগুলো নিঃশেষ হওয়ার পথে। গত ২৩ মে ট্রাফিক পুলিশ যন্ত্রটি স্থাপনের তিন দিনের মাথায়ই এর কয়েকটি কাঁটা দেবে ও বেঁকে যায়। গতকাল রোববার দেখা যায়, যন্ত্রটির বেশির ভাগ কাঁটাই অকেজো হয়ে গেছে৷
নিয়ম ভেঙে উল্টো পথে চললে সোজা হয়ে থাকা কাঁটাগুলো টায়ার ফুটো করে দিয়ে গাড়ি অচল করে দেবে—এটাই ছিল যন্ত্রটি বসানোর উদ্দেশ্য৷ গাড়ি সঠিক পথে চললে কাঁটাগুলো চাকার চাপে গুটিয়ে নিচের ফাঁকা স্থানে নেমে যায়৷ কিন্তু দৃশ্যত গাড়ির চাপে এ কাঁটাগুলো ক্রমেই ঘায়েল হয়ে চলায় যন্ত্রটি অকার্যকর হতে বসেছে৷
পুলিশের ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক বিভাগ রমনা পার্কের অরুণোদয় ফটকের সামনে ‘রিট্র্যাকটেবল স্পাইক ট্রিপ’ নামের যন্ত্রটি স্থাপন করেছে। বলা হয়েছে, এটি পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে৷
যন্ত্রের এ বেহাল অবস্থা বিষয়ে জানতে চাইলে গতকাল রোববার ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) খান মোহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে বলেন, ‘৭০ ভাগ কাঁটা অকেজো হয়ে গেলেও আমাদের উদ্দেশ্য বিফলে যাবে না। কারণ, বাকি কাঁটাগুলো উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে পারবে।’
ডিসি বলেন, চুক্তি অনুযায়ী নির্মাতাপ্রতিষ্ঠান আগামী তিন বছর প্রয়োজনে ওই প্রতিরোধকযন্ত্র স্থাপন কিংবা মেরামত করবে। হেয়ার রোডে নতুন আরেকটি প্রতিরোধকযন্ত্র স্থাপন করা হবে।
রাজধানীর ধোলাইখালের সোহেল মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান দেশীয় প্রযুক্তিতে ২৮ ফুট দৈর্ঘ্যের যন্ত্রটি তৈরি করেছে৷ এর দাম প্রায় সাড়ে চার লাখ টাকা পড়েছে বলে জানিয়েছে পুলিশ৷ খান মোহাম্মদ রেজোয়ান দাবি করেন, বিদেশ থেকে আমদানি করা হলে তাঁর ব্যয় কোটি টাকা ছাড়িয়ে যেত৷
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, যন্ত্রটিতে যে ত্রুটি-বিচ্যুতি দেখা দেবে, তা স্থায়ীভাবে সারানোর চেষ্টা চলছে। স্থায়ীভাবে মজবুত প্রতিরোধকযন্ত্র নির্মাণ করা গেলে রাজধানীর অন্য জায়গাগুলোতেও তা স্থাপন করা হবে।
মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা বলেন, দিনের বেলা এ প্রতিরোধকযন্ত্রের কাঁটার কোনো সমস্যা হয় না। কিন্তু রাতের বেলা অতিরিক্ত ওজনের মালামালবাহী যানবাহন, বিশেষ করে ট্রাক চলাচল করায় এটি ক্ষতিগ্রস্ত হয়।