একের পর এক দায়মুক্তি আস্থা নষ্ট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ বছরেও দুর্নীতি দমন কমিশন (দুদক) সেভাবে মানুষের আস্থা অর্জন করতে পারেনি। দুদকের মামলাগুলোতে দৃশ্যমান ফল না থাকার কারণে ইতিবাচক প্রভাবও ফেলতে পারছে না প্রতিষ্ঠানটি। সরকারের পদস্থ ব্যক্তি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আমলাদের জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসার কারণে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হলেও পরবর্তী সময়ে আশাহত হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের দায়মুক্তি দিয়ে নেতিবাচক আলোচনা বেশি হয়েছে দুদককে নিয়ে। দুদকের ১০ বছর পূর্তির প্রাক্কালে এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুদককে মানুষ ভয় পায় এটা সত্য। কিন্তু পদ্ধতি ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে দুদক সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
তবে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, দুদকের প্রতি সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের আস্থা আছে। আগে কখনোই ক্ষমতাসীন দলের লোকজন দুদকের তলবে হাজির হননি। এখন তাঁরা দুদকে আসছেন।
২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে কমিশন গঠন করা হয়। আজ শুক্রবার রাষ্ট্রীয় দুর্নীতি দমন প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার পর থেকে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় পর্যন্ত অনেকটাই নিষ্ক্রিয় ছিল প্রতিষ্ঠানটি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক অতি সক্রিয় ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরবর্তী সময়ে দুদকের কার্যক্রম নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মতামত পাওয়া যায় বিশেষজ্ঞদের কাছ থেকে।
রাজনৈতিক নেতা-আমলা-সরকারি কর্মকর্তাদের সম্পদসহ নানা বিষয়ে অনুসন্ধান শুরু করে প্রশংসার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের ঢালাওভাবে দায়মুক্তি দিয়ে সমালোচিতও হয়েছে দুদক। পাশাপাশি বিরোধী দলের রাজনীতিকদের বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্তে তেমন কোনো ছাড় দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। একের পর এক দায়মুক্তি দেওয়ার কারণে দুদককে অনেকেই ‘দায়মুক্তি কমিশন’ হিসেবে অভিহিত করেন। বিষয়টি মানতে নারাজ দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে দুদক কাউকেই ছাড় দেয় না। আবার কাউকে অযথা হয়রানিও করে না। বদিউজ্জামান বলেন, সীমাবদ্ধতার কারণে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইপ্সিত ফল পাওয়া যায়নি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠানগুলো অনেকটাই চাপের মধ্যে থাকে। তবে এক-এগারোর সময়ে দুদক অতি সক্রিয় ছিল। আওয়ামী লীগের আগের মেয়াদসহ বর্তমান মেয়াদেও দুদক চাপের বাইরে নেই বলে প্রতীয়মান হয়।
ইফতেখারুজ্জামান মনে করেন, এ সময়ে দুদক ও সরকারের ভূমিকা একাকার হয়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই প্রভাবের বাইরে যেতে পারেনি দুদক।
গোলাম রহমান মনে করেন, এ জন্য দৃষ্টান্ত স্থাপন করার মতো আইনি পরিবেশ তৈরি করাটাই সবচেয়ে জরুরি।