একের পর এক প্রকল্প বাস্তবায়ন, সুফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার ভূতিয়ার বিলের পানিনিষ্কাশনের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করার পরও তা কোনো কাজে আসেনি। সর্বশেষ বিলটির জলাবদ্ধতা দূরীকরণে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দুটি প্রকল্পের কাজ শেষ করে।
সম্প্রতি নতুন করে আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলেও বিলের জলাবদ্ধতা দূরীকরণে কাজে আসবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে এলাকাবাসী।
আশির দশকে ওই বিলে জলাবদ্ধতা শুরু হয়। ওই বিল ও সংলগ্ন এলাকার পানি আঠারোবাঁকি ও চিত্রা নদী এবং বড়জালা, ডোব, গোয়াডা, চানপুর, বামনডাঙ্গাসহ ১০-১২টি সংযোগ খাল দিয়ে নিষ্কাশিত হয়। এসব খালের মুখে পলি জমে ভরাট হওয়ায় এবং জোয়ার-ভাটার প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ওই বিল ও সংলগ্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।
পাউবোর খুলনা-১ কার্যালয় থেকে জানা গেছে, ভূতিয়ার বিল নিষ্কাশন প্রকল্পের আওতায় ১৯৯২-৯৩ অর্থবছরে পানি নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয় পাউবো। আরলি ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের (ইআইপি) আওতায় এ কাজে ব্যয় হয় ১০ কোটি ১৮ লাখ টাকা। এতে কোনো কাজ না হওয়ায় পাউবোর বার্ষিক বরাদ্দ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ২০০১-০২ অর্থবছরে কুমিরডাঙ্গায় এবং মশুনদিয়া ও হাতিশুঁড়ায় দুটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়। এর ফল হয় উল্টো। ২০০৫-০৬ অর্থবছরে উপজেলার প্রায় অর্ধেক এলাকা ক্রমান্বয়ে জলাবদ্ধ হয়ে পড়ে। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে জলাবদ্ধতা নিরসনের জন্য পাউবো ২১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে দুই বছর মেয়াদি আরও একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় চিত্রা নদী খনন এবং সংযোগ খাল কেটে পানি অপসারণের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময়সীমা আরও এক বছর বাড়িয়ে প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ করা হয়। এই কাজ শেষ হয় গত বছরের ১৩ জুন। এর পরও কোনো সুফল পাওয়া যায়নি।
২০১১ সালের ৫ মার্চ খুলনার খালিশপুরে এক জনসভায় ভূতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন করে পাঁচ বছরের জন্য আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে নেওয়া এ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৭-১৮ অর্থবছরে।
এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একের পর এক প্রকল্প বাস্তবায়ন করার পরও ভূতিয়ার বিল ও সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূর না হওয়ায় এলাকার অনেক কৃষক পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।
এলাকার কয়েকজন জানান, পানিনিষ্কাশন না হওয়ায় এলাকার ২০ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এ কারণে এলাকার কৃষকেরা কৃষিকাজ ছেড়ে ভ্যান-রিকশা চালনাসহ দিনমজুরের কাজ করছেন। আবার অনেকে কোনো কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলার তেরখাদা গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, ‘আগে ছিলাম কৃষক, আর এখন ভ্যানচালক। তাড়াতাড়ি বিলির পানি না সরালি ভিক্ষে করে চলতি হবে।’
পাউবো-১ খুলনার নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক বলেন, আগের প্রকল্পগুলো সাময়িকভাবে পানিনিষ্কাশনের জন্য নেওয়া হয়েছিল। এতে তেমন উপকার পাওয়া যায়নি। কিন্তু এবার স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের ২৮১ কোটি টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প শেষ হলে আর সমস্যা থাকবে না।