একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মুরগির খামার
এভিয়ান ভাইরাস ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আতঙ্ক এবং অব্যাহত লোকসানের মুখে পড়ে জয়পুরহাটের মুরগির খামারগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।জয়পুরহাট জেলা সোনালি মুরগি উৎপাদন ও বিপণন সমিতির সভাপতি কাবিল উদ্দিন আকন্দ বলেন, ‘আমার একটি শেডে ৩৬০টি মুরগির মধ্যে কয়েকটি অজ্ঞাত রোগে মারা গেলে বাকিগুলো কম দামে বিক্রি করে ফেলেছি। আমি এখন বার্ড ফ্লু-আতঙ্কে আছি। জেলায় আট-নয় হাজার খামার রয়েছে। এসব খামারের মধ্যে গত এক বছরে তিন-চার হাজার খামার বন্ধ হয়ে গেছে।’সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদ বলেন, ‘আমার খামারে সোনালি জাতের (লেয়ার) ডিমপাড়া আট হাজার মুরগির মধ্যে সাড়ে পাঁচ হাজার বিক্রি করে ফেলেছি। বাকি আড়াই হাজার মুরগি মারা গেছে। দু-একটি মুরগি খামারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বার্ড ফ্লু-আতঙ্কে অন্যগুলো বিক্রি করে ফেলেছি।’জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও জেলার বিভিন্ন খামারি সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত খামার রয়েছে এক হাজার ৪৫০টি। নিবন্ধনের জন্য আবেদন আছে আরও প্রায় এক হাজার। এর বাইরেও জেলায় ছয় হাজারের মতো ছোট, বড় ও মাঝারি খামার রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক খামারি জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি সরকারিভাবে নিধন করা হলে ভর্তুকির টাকা কম দেওয়া হয় এবং দীর্ঘদিনেও তা পাওয়া যায় না। এ কারণে একটু অসুখ-বিসুখ হলে তাঁরা মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। পারুলিয়ার গ্রামের মোজাহেদুল ইসলাম জানান, গত বছর মার্চে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া তাঁর প্রায় পাঁচ হাজার মুরগি নিধন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি টাকা পাননি। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পালী গ্রামের ফারুক হোসেনের সাত হাজার মুরগি পালনের তিনটি শেড ছয় মাস ধরে বন্ধ। একই অবস্থা শাহ্ আলম, ছামাদ, সেকেন্দার, জুয়েল এবং আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মামুনুর রশীদসহ বিপুলসংখ্যক খামারির। মামুনুর রশিদ জানান, ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে এখনো ৭৫ হাজার টাকা পরিশোধ করতে পারেননি। এদিকে তাঁর খামারও আট মাস ধরে বন্ধ রয়েছে। সদর উপজেলার শাহাপুর গ্রামের আবদুর রশিদ জানান, গত শুক্রবার ডিমপাড়া সোনালি জাতের দুই কেজি ওজনের একটি মুরগি ২৫০ টাকায় কিনেছেন। অথচ বাজারে এক কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০-২৬৫ টাকায়, যা ছয় মাস আগে বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। ডিম ফুটিয়ে বাচ্চা তোলার টিআরবি হ্যাচারি মালিক কবির আকবর চৌধুরী বলেন, ‘ডিমের অভাবে আমার হ্যাচারি ১০ দিন ধরে বন্ধ রয়েছে। বর্তমান বাজারে সোনালি জাতের বাচ্চা ফোটানো প্রতিটি ডিমের দাম ২৭ টাকা। তা-ও বাজারে নেই। জয়পুরহাটে এ রকম ২২টি হ্যাচারি রয়েছে। এগুলোর বাচ্চা উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। জয়পুরহাটের পোলট্রিশিল্প এখন ধ্বংসের মুখে।’ জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোস্তম আলী বলেন, জেলায় মাংস ও ডিম উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। খামারিদের কেউ কেউ রোগাক্রান্ত মুরগি পরীক্ষার জন্য আনলেও দেখা গেছে সেগুলো গাম্বুরো, রানীক্ষেত ও বসন্তরোগে মারা যাচ্ছে। এখনো বার্ড ফ্লু-আক্রান্ত মুরগি পাওয়া যায়নি। খামারিদের সচেতন করতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। অসুস্থ মুরগি যাতে জেলার ভেতরে প্রবেশ করতে না পারে এবং জেলা থেকে অসুস্থ মুরগি ঢাকাসহ অন্য জেলায় যেতে না পারে, সে জন্য জেলার প্রধান রাস্তায়, পাঁচবিবি ও কালাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে চেকপোস্ট বসানো হয়েছে।