ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৫টি ও বিজয়নগরের ১০টি ইউপিতে ভোট গ্রহণ কাল শনিবার। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। একই সঙ্গে ভোটাররা ভয়ে আছেন কেন্দ্র দখলের।
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বিএনপির প্রার্থীর সমর্থকদের নামে আওয়ামী লীগের প্রার্থীর প্রচার-মাইক ভাঙচুর ও কর্মীকে মারধরের অভিযোগে গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ হিরন মিয়া (৪০) ও ইসমাইল মোল্লা (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। ধরখার ইউপির জাতীয় পার্টির প্রার্থী সফিকুল ইসলামের প্রায় ১০০ কর্মীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। একই ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ হুেমায়ূন কবীর ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।
আখাউড়া দক্ষিণ ইউপির বিএনপির প্রার্থী মো. শাহ নোয়াজ খান বলেন, নির্বাচনের দিন পর্যন্ত এলাকার বাইরে থাকতে পুলিশ তাঁর নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। বুধবার একটি ঘটনা সাজিয়ে নৌকা প্রতীকের লোকজন অভিযোগ দিলে পুলিশ অতি উৎসাহী হয়ে মামলা নেয়। তিনি বলেন, কেন্দ্র দখল করতে নৌকার প্রার্থীকে সুযোগ করে দিতেই পুলিশ এসব হয়রানি করছে। সুষ্ঠু ভোট নিয়ে ওই ইউপির জাতীয় পার্টির প্রার্থী মনিরুল ইসলামও শঙ্কা প্রকাশ করেছেন।
দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভোটারদের মধ্যে একটা ভয় আছে। আমরা অভয় দিচ্ছি কেন্দ্রে আসতে।’
তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার দাবি করেন, তিনি কারও পক্ষ নিয়ে কাজ করছেন না। অভিযোগের ভিত্তিতেই থানায় মামলা হয়েছে। তিনি বলেন, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করা হবে।
আখাউড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়া আসনের সাংসদ। আখাউড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া হবে না।
বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী ও বিএনপির এক প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। প্রতিটি মামলার অভিযোগই প্রায় এক। এসব মামলায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন পাহাড়পুরে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী মাইন উদ্দিন, চম্পকনগরে আওয়ামী লীগের বিদ্রোহী সিরাজুল ইসলাম, দুধন্তি ইউপির জিয়া উদ্দিন ও যুবলীগের সাবেক উপজেলা সভাপতি এবং ইছাপুরা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জিয়াউল হক।
বিজয়নগর থানা হেফাজতে থাকা সোহরাব হোসেন গতকাল বলেন, ঘটনা ঘটিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হামিদুল হকের লোকজন। তিনি তাঁদের দেখে ফেলেন। তাঁকে হুমকি দেওয়া হয়, ঘটনা কাউকে বললে দেখে নেওয়া হবে। আর সে কারণেই তাঁকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে।
চম্পকনগরের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, সুষ্ঠু ভোট হলে তাঁর জয় নিশ্চিত জেনেই নৌকা প্রতীকের প্রার্থী হামিদুল হক নিজেরা ঘটনা সাজিয়ে মামলা করেছেন।