একের পর এক শিশু অধিকার লঙ্ঘনে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিলেটের শিশু সামিউল, মাগুরার সুরাইয়া, বরগুনার রবিউল, খুলনার রাকিব...নিষ্ঠুরতার শিকার হয়েছে তারা সবাই। চিকিৎসকদের প্রচেষ্টায় সুরাইয়া এখনো পৃথিবীতে। অন্যদের বিদায় নিতে হয়েছে চিরতরে। শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতায় উদ্বিগ্ন সবাই। বাংলাদেশে শিশুদের প্রতি এই নিষ্ঠুরতার উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক শিশু হত্যাসহ শিশুদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। খবর ইউএনবির।
ইউনিসেফের প্রতিনিধি এদুয়ার্দ বেগবিদারের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘ইউনিসেফ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে ও শিশুদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা বন্ধে সহায়তা করতে সাধ্যের মধ্যে সবকিছু করবে বাংলাদেশ সরকার।’
বিবৃতিতে এদুয়ার্দ আরও বলেছেন, বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠন হিসেবে ইউনিসেফ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অনেক শিশুকে সহিংসতার শিকার হতে হয়েছে। কয়েকজনকে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এটা শিশু অধিকারের গুরুতর লঙ্ঘন। ইউনিসেফ এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে, যা পুরো দেশকেই নাড়া দিয়েছে।
এদুয়ার্দ আরও বলেন, লক্ষণীয় বিষয় হচ্ছে, শিশু অধিকারের বিষয়গুলো গণমাধ্যমগুলোতে সক্রিয়ভাবে আসায় এখন শিশু হয়রানি, নির্যাতন ও এমনকি হত্যার মতো ঘটনাগুলো প্রকাশ্যে আসছে। গণমাধ্যমের এই ভূমিকার প্রশংসা করেন তিনি। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের সব শিশুর, বিশেষ করে ছিন্নমূল শিশুদের, অধিকার অধিকতর ভালোভাবে সুরক্ষিত করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।