একের পর এক শিশু অপহরণ, খুন
একের পর এক শিশু অপহরণ ও খুনের ঘটনা ঘটছে বগুড়ার আদমদীঘিতে। গত ছয় মাসে উপজেলায় পাঁচ শিশু ও এক মাদ্রাসাশিক্ষক অপহৃত হয়েছেন। এর মধ্যে এক শিশু ছাড়া বাকি সবাইকে খুন করা হয়েছে।
সর্বশেষ গত শনিবার মশফিকুর রহমান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সাত লাখ টাকা মুক্তিপণ না পেয়ে মশফিকুরকে খুন করে অপহরণকারীরা। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের বাবা আফজাল হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। আফজালের বাড়ি উপজেলার কসাইগাড়ি গ্রামে। ৩ জুলাই বিকেলে বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়।
আফজাল হোসেন জানান, ৩ জুলাই বিকেলে তাঁর ছেলে বাড়ির সামনে খেলছিল। মাঠ থেকে ফিরে বাড়িতে এসে তিনি স্ত্রীর কাছে ছেলে কোথায় জানতে চান। ছেলেকে না পেয়ে বাড়ির আশপাশে ও পুকুরে খোঁজ করেন। দুদিন পর ৫ জুলাই জনৈক ব্যক্তি মুঠোফোনে মশফিকুরের চাচা আমজাদ হোসেনের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা ফোনে দ্রুত টাকা জোগাড়ের তাগাদা দিতে থাকে। অন্যথায় তার লাশ ফেরত দেওয়া হবে বলে হুমকি দেয়। তাঁরা অপহরণকারীদের সব কথাবার্তা সার্বক্ষণিক পুলিশকে জানিয়েছেন।
আমজাদ জানান, শনিবার সকালে প্রতিবেশীরা মাছ ধরার জন্য বাড়ির পাশের ডোবা সেচ দেওয়ার সময় একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হলে বস্তার মুখ খুলে মশফিকুরের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, তাঁর ধারণা পূর্বশত্রুতার জের ধরে অপহরণের পরই শিশুটিকে হত্যা করা হয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে আদমদীঘিতে একাধিক খুনের ঘটনা ঘটে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সাওইল গ্রামের ইটভাটা মালিক বজলুর রহমানের শিশুসন্তান প্রথম শ্রেণির ছাত্র জিসানকে (৭) ইসলামী জলসা থেকে কৌশলে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা দিতে না পারায় নির্মমভাবে শিশুটিকে খুন করে দুর্বৃত্তরা।
৫ জানুয়ারি আদমদীঘির বড় আখিড়া গ্রামের সেলিম উদ্দীনের ছেলে ইউসুফকে (১০) সান্তাহার শহর থেকে অপহরণ করা হয়। ওই দিন রাতেই রানীনগরের ভিটি গ্রামের রাস্তার পাশ থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে গ্রামবাসী। ১৬ জানুয়ারি উপজেলার কালাইকুড়ি গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে স্বাধীনকে (৫) অপহরণ করার পর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে খুনিরা।
৪ মার্চ উপজেলার কদমা গ্রামের ইউসুফের ২১ দিন বয়সী ছেলেশিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়। উপজেলা মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক ময়েন উদ্দীন ৮ মার্চ শনিবার সকালে গ্রামের বাড়ি চাটখৈইর গ্রাম থেকে অপহৃত হন। ১১ মার্চ ময়েন উদ্দীনের অর্ধগলিত লাশ রাজশাহীর পদ্মার চর থেকে উদ্ধার করে পুলিশ।