একের পর এক হত্যা নিরাপত্তাহীনতা তৈরি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ও নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

গতকাল সোমবার সংগঠনগুলোর পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতাবোধ তৈরি করছে।

রোববার সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে মাহমুদা খানমকে। একই দিন দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বিবৃতিতে বলা হয়, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এ ধরনের একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতাবোধ তৈরি করছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতিতে সব হত্যার বিচার দাবি করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, এই সব হত্যার ঘটনায় বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গভীর বিবেচনার দাবি রাখে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অভিযোগ, সরকারের নীতিহীন অবস্থান আর আশ্রয়-প্রশ্রয়ে উগ্র সাম্প্রদায়িক ও সন্ত্রাসী গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে।

এ ধরনের জঙ্গিবাদী তৎপরতা রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

এ ছাড়া বিবৃতিতে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে জাতীয় নারী জোট।