একের পর এক হত্যাকাণ্ড, সরকারের আচরণ হতাশাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী প্রগতিশীল সংগঠনগুলো এক সমাবেশের আয়োজন করে। ছবি: প্রথম আলো
বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী প্রগতিশীল সংগঠনগুলো এক সমাবেশের আয়োজন করে। ছবি: প্রথম আলো

বাংলাদেশে আজ কেউ নিরাপদ নয়। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেলেও সরকারের আচরণ হতাশাজনক। এভাবে দেশ চলতে পারে না। লোক দেখানো গণগ্রেপ্তার দেখিয়ে লাভ নেই। হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদের উৎস নির্মূল করতে হবে।

স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৯টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী প্রগতিশীল সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

সমাবেশ থেকে বলা হয়, বাংলাদেশে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে বসে থাকার কোনো সুযোগ নেই। দেশে কোনো ধর্মের লোক এ ন্যক্কারজনক হত্যাকাণ্ড থেকে রক্ষা পাচ্ছে না। সরকারের তরফে এসব ঘটনার রহস্য উদ্‌ঘাটনের কথা বলা হলেও কার্যত কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। ফলে প্রবাসে থেকেও লোকজনকে স্বস্তিতে উৎকণ্ঠিত থাকতে হচ্ছে।

বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী প্রগতিশীল সংগঠনগুলো এক সমাবেশের আয়োজন করে। ছবি: প্রথম আলো
বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী প্রগতিশীল সংগঠনগুলো এক সমাবেশের আয়োজন করে। ছবি: প্রথম আলো

বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘের সামনে আগামী ২৬ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।
সমাবেশে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়ে বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। “সংখ্যালঘু বাঁচাও-মুক্ত চিন্তার মানুষ বাঁচাও-দেশ বাঁচাও”—স্লোগানে মুখরিত ছিল ক্ষুব্ধ প্রবাসীদের সমাবেশ।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদ উল্লাহ। সমাবেশে বক্তব্য দেন সীতাংশু গুহ, ফাহিম রেজা নুর, লুতফুন্নাহার লতা, নুরে আলম, বিজয় ভৌমিক, নবেন্দু দাস, সীকৃতি বড়ুয়া, ডি এইচ আরজু, মিথুন আহমেদ, শুভ রায়, সিবলি সাদিক, গোপাল সৈন্যাল প্রমুখ। অন্যান্যের মধ্যে নিউইয়র্কের ঘাতক দালাল নির্মূল কমিটি, বুড্ডিস্ট সেন্টার, সম্প্রীতি মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণজাগরণ মঞ্চ এবং উদীচীর নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।