একের পর এক হত্যাকাণ্ডে প্রতিক্রিয়াশীল ধারা শক্তিশালী হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা বলেছেন, দেশের মধ্যে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। এর ফলে প্রতিক্রিয়াশীল ধারা আরও শক্তিশালী হচ্ছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ টেনিস ফেডারেশন সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, নুর মোহাম্মদ তালুকদার, আবদুল মতিন ভূঁইয়া, আইনজীবী অশোক সরকার, সুকুমার দেব রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য সানোয়ার হোসেন, আবদুল ওয়াহেদ, সৈয়দ জাহিদুল ইসলাম, এ কে আজাদ, সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সরকার ব্যাপক গণশক্তিকে উদ্বুদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। নইলে শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদিত শক্তির বিকাশের ক্ষেত্রে যে ইতিবাচক অর্জন হয়েছে, তা বিঘ্নিত হবে।
সভায় প্রগতিশীল লেখক, সাংবাদিক, প্রকাশক, মুক্তমনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মানুষের স্বাভাবিক পথচলার নিশ্চয়তার দাবি জানান অজয় রায়। তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। এই সাম্প্রদায়িক জঙ্গিবাদীরা বাঙালি জাতীয়তাবাদের জাগরণ কখনো মেনে নিতে পারেনি। বাঙালিরা এই অপশক্তিকে প্রতিহত করেই ’৫২, ’৬২, ’৬৯ ও ’৭১-এর মহান স্বাধীনতা অর্জন করেছে। আজকের দিনেও এদের শেষ পরাজয় বরণ করতে হবে, তার জন্য জাতীয় জাগরণ গড়ে তুলতে হবে।’
সভায় আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্থানীয় সমমনা সংগঠনগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি করে জনসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।