পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী আক্কাস উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমানের সমর্থকদের একের পর এক হামলা, হুমকি, ভয় দেখানোর কারণে কোণঠাসা হয়ে পড়েছেন।
গতকাল রোববার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গাজী আক্কাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর প্রমুখ।
লিখিত বক্তব্যে গাজী আক্কাস উদ্দিন বলেন, প্রচার মাইকের যন্ত্র ছিনতাই, মোটরসাইকেলে মহড়া দিয়ে আমাকেসহ আমার সমর্থকদের প্রচারণা থেকে ফিরে আসতে বাধ্য করেছে।
এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠতে পারে।
তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি টিয়াখালী ইউনিয়নে ভোট ডাকাতি হতে পারে। গায়ের জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করলে কিংবা ভোট ডাকাতি করতে চাইলে বহু লোকের প্রাণহানির আশঙ্কা আছে। সুষ্ঠু-নিরপেক্ষ ভোটে যেকোনো পরিণতি আমি হাসিমুখে মেনে নেব।’
আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমান এসব অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমিও চাই মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, এককথায় বলব তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’