এক্স-রে ও আলট্রাসনো বন্ধ, রোগীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের এক্স-রে ফিল্ম ফুরিয়ে গেছে। দুটি আলট্রাসনোগ্রাফি মেশিন বিকল হওয়ায় এক মাস ধরে হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে এবং আলট্রাসনোগ্রাম করতে গিয়ে রোগী ও রোগীর স্বজনেরা আর্থিকসহ নানামুখী ক্ষতির শিকার হচ্ছেন। হাসপাতালের রেডিওলজিস্ট আবুল কালাম বলেন, ‘এত ভালো মেশিন থাকতেও রোগীদের সাশ্রয়ী মূল্যে সেবা দিতে পারছি না। গত মঙ্গলবার পাঠানো মেশিনটি গ্রহণ করিনি।’ তিনি আরও জানান, হাসপাতালের ৭০ টাকার এক্স-রে বাইরে করতে লাগে ১৫০ থেকে ২০০ টাকা। বাইরের ফিল্ম ভালো না থাকার কারণে এক্স-রে রিপোর্টও ভালো হয় না। বুক ও পেটের আংশিক আলট্রাসনোগ্রাম করতে হাসপাতালে লাগে ১১০ টাকা। বাইরে লাগে ৩০০ থেকে ৪০০ টাকা। আর পুরো পেট ও বুক আলট্রাসনোগ্রাম করতে হাসপাতালে লাগে ২২০ টাকা। বাইরে লাগে ৫০০ থেকে ৬০০ টাকা। হাসপাতালের বাইরে আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ চিকি ৎসক না থাকায় অনেক আলট্রাসনোগ্রামও ভুল বা সঠিক হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অপরদিকে ইমেজিং কক্ষে রয়েছে জাপান থেকে আমদানি করা দুটি অত্যাধুনিক আলট্রাসনোগ্রাফি মেশিন। একই সঙ্গে দুটি মেশিন প্রায় এক মাস ধরে বিকল হয়ে গেছে। গত কয়েক দিন এ বিভাগে গিয়ে দেখা গেছে, কোনো রোগী নেই। বিকল আলট্রাসনোগ্রাম মেশিন দুটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এক্স-রে কক্ষও খোলা হয় না। গত বুধবার আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ চিকি ৎসক গুলনার বেগম মুঠোফোনে বলেন, ‘আমাদের বিভাগটা বন্ধ থাকায় হাসপাতালে বসে সময় কাটানোই কঠিন হয়ে পড়েছে। যতক্ষণ আমার বিভাগে থাকি, ততক্ষণ রোগী ও রোগীর স্বজনদের চাপে থাকি এবং অনেকের অনেক কটু কথাও সহ্য করে চাকরি করছি। প্রায় এক মাস ধরে বাইরে থেকে এসব পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হাসপাতালের চেয়ে কয়েকগুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম রিপোর্ট সঠিক হচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রসূতি ও অন্যান্য স্ত্রীরোগের ক্ষেত্রে। সিভিল সার্জন স্যারকে অনেকবার বলেছি। কোনো কাজ হয়নি।’ প্রসূতি ওয়ার্ডে দায়িত্বরত চিকি ৎসা কর্মকর্তা মোতাহেরা মল্লিকা বলেছেন, প্রসূতি ও অন্যান্য স্ত্রীরোগের ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম রিপোর্ট ছাড়া আমরা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এতে রোগীরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে এ হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র নদের ওপারে ওষুধ মার্কেটে গড়ে উঠেছে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। ওই ডায়াগনস্টিক সেন্টারে গত বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে গিয়ে দেখা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকি ৎসা কর্মকর্তা গাজী মো. রফিকুল হক রোগীদের আলট্রাসনোগ্রাম করছেন। হাসপাতালের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম বিভাগ বন্ধ থাকায় রোগীদের যখন চরম দুর্ভোগ চলছে, তখন আপনি হাসপাতালের সামনেই ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করছেন—এ রকম কথার জবাবে তিনি বলেন, ‘হাসপাতালে আলট্রাসনোগ্রাম হয় না, ওখানে কী সমস্যা, বন্ধ থাকে, নাকি খোলা থাকে, সেটা দেখবেন প্রশাসনিক কর্মকর্তারা। ওটা আমার কোনো বিষয় নয়। আমার আজকে ডিউটি নেই। আমি এখানে কাজ করছি। হাসপাতালের সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন। আমি তো হাসপাতালের কোনো অথরটি না। হাসপাতালে আমার যা দায়িত্ব, আমি ঠিকই পালন করে থাকি।’জামালপুরের ডেপুটি সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম বলেন, ‘এক্স-রে ফিল্ম চেয়ে এবং বিকল একটি এক্স-রে মেশিন ও বিকল আলট্রাসনোগ্রাফ মেশিন দুটি মেরামত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সংশ্লিষ্ট বিভাগে চিঠি ও চাহিদা পাঠানো হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস হলো এ অবস্থা চলছে। আমরা চিকি ৎসকেরা এখন ভীষণ চাপের মধ্যে আছি।’