এক্স-রে ও দুটি অ্যাম্বুলেন্স বিকল, রোগীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরের বেশি সময় ধরে নষ্ট পড়ে আছে এক্স-রে যন্ত্র। একসঙ্গে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটিই অচল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এ ছাড়া একটি জেনারেটর থাকলেও জ্বালানি বরাদ্দ না থাকায় রাতে লোডশেডিংয়ের সময় রোগীদের ভোগান্তি পোহাতে হয়।স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালের আগস্টে একটি এক্স-রে যন্ত্র আনা হয়। ২০১২ সালের মার্চে এটি বিকল হয়ে যায়। অন্যদিকে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটিই দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে। ১৯৯৩ সালে একটি জেনারেটর আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার হওয়ায় জেনারেটরের জ্বালানির জন্য কোনো বরাদ্দ নেই। অন্য খাতের বরাদ্দ সাশ্রয় করে প্রথমদিকে কিছুদিন জেনারেটর চালু থাকলেও দীর্ঘদিন ধরে তা আর সম্ভব হচ্ছে না। এখানে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসাসেবা নেয়। সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বাইরে বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্রে এক্স-রের জন্য ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দিতে হয়। চিকিৎসা নিতে আসা আবদুল হালিম জানান, তিনি ৪৫০ টাকা দিয়ে বুকের এক্স-রে করিয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওগ্রাফার জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রতিদিন প্রায় ১০০ রোগীর বুক, কোমর বা হাড়ের এক্স-রে প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের এক্স-রের জন্য রোগীকে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু গত এক বছর রোগীকে বাইরে থেকে এক্স-রে করাতে হয়। এতে রোগীদের খরচ বেড়ে যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চন্দন চক্রবর্তী বলেন, ‘আমি যোগদান করার পর থেকেই এক্স-রে যন্ত্রটি নষ্ট। এটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ৩১ শয্যার হাসপাতালে জেনারেটরের জন্য জ্বালানি তেলের কোনো বরাদ্দ নেই। অ্যাম্বুলেন্স ও জেনারেটর সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় বর্ধিতকরণের কাজ চলছে। কাজ শেষ হলেই আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে।’