ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। একই সঙ্গে এখানে আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা নেই। এ কারণে গরিব রোগীরা কম মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভা এবং ১০টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসার জন্য এটি স্থাপন করা হয়েছে। ২০১০ সালে এ হাসপাতালকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক নিয়োগ না দেওয়ায় স্বাস্থ্যসেবার মান বাড়েনি। এক্স-রে মেশিনটিও বিকল।কয়েকজন রোগী জানান, এক্স-রে মেশিন দীর্ঘদিন বিকল থাকায় গরিব রোগীদের সমস্যা বেশি হচ্ছে। তাদের বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এ সেবা নিতে হচ্ছে। আবার অনেকে টাকার অভাবে এক্স-রে করাতে পারে না।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া চন্দরিয়া গ্রামের সফিকুল ইসলাম জানান, পেটের ব্যথার কারণে চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করিয়েছেন। এ জন্য তাঁর ৩০০ টাকা খরচ হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জুলাই এক্স-রে মেশিনটি বিকল হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার, ভান্ডার ও সরবরাহকেন্দ্রের (সিএমএসডি) পরিচালকের নির্দেশে এটি মেরামতের জন্য ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুজন প্রকৌশলী ২০০৯ সালের জানুয়ারি মাসে এখানে আসেন। কিন্তু মেরামত সম্ভব না হওয়ায় তাঁরা এটি সম্পূর্ণ অকেজো ঘোষণা করেন।গত বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, এক্স-রে কক্ষটি কয়েক বছর ধরে কুষ্ঠ রোগ চিকিৎসাকেন্দ্রের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানেই এক্স-রে মেশিনটি অবহেলায় পড়ে আছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রহুল আমীন বলেন, নতুন এক্স-রে মেশিন সরবরাহের জন্য ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনের মাধ্যমে গত মাসে সিএমএসডির পরিচালকের বরাবর আবেদন করা হয়েছে। এ নিয়ে তৃতীয় দফা আবেদন করা হলো। কিন্তু এখনো এটি সরবরাহ করা হয়নি।