লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি আট বছর ধরে বিকল। এ অবস্থায় রোগীদের জেলা সদর অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। এতে গরিব রোগীদের সমস্যা বেশি হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০০ সালের আগস্ট মাসে সরকার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন সরবরাহ করে। ২০০৭ সালে ফেব্রুয়ারি মাসে মেশিনটি স্থাপন করা হয়। কিন্তু স্থাপন করার কয়েক দিন পর এটি বিকল হয়ে পড়ে। এর পর থেকে এক্স-রে মেশিনটি বন্ধ রয়েছে। এটি বিকল থাকায় রোগীদের ৯০ কিলোমিটার দূরের জেলা সদর অথবা ১৩৬ কিলোমিটার দূরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা পানবাড়ি গ্রামের দিনমজুর ঠান্দু মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘কাজ করিবার জেয়া (গিয়ে) বুকোত ডাং (ব্যথা) লাগে। এই জন্য ডাক্তার দেখানু বাহে। ডাক্তার কইছে বুকের পরীক্ষা (এক্স-রে) করিবার নাগিবে। আর এটেকার (এখানের) পরীক্ষার মেশিন নাকি খারাপ হইচ্ছে। এলা রংপুর বা লালমনিরহাটোত জেয়া পরীক্ষা করিবার নাগিবে। কইতো হামা গরিব মানষি কেমন করি যাবার টাকা কোঠে পাইমো।’
পাটগ্রাম পৌরসভার ঝাকুয়াঠারি গ্রামের আব্বাস আলী বলেন, তাঁর ছেলে খেলতে গিয়ে বুক ও পায়ে ব্যথা পেয়েছে। চিকিৎসক বলেছেন এক্স-রে করাতে। কিন্তু এখানকার এক্স-রে মেশিনটি নষ্ট বলে লালমনিরহাটে গিয়ে এক্স-রে করাতে হয়েছে। এতে তাঁর ৬০০ টাকা খরচ হয়েছে। অথচ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একবার এক্স-রে করাতে প্রকারভেদে ৭০ থেকে ১০০ টাকা খরচ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ জানান, বিকল হওয়ার পরই এক্স-রে মেশিনটি মেরামতের প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। গত বছরের ডিসেম্বর মাসে মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা এসেছিলেন। তাঁরা এটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু যে যন্ত্রাংশের প্রয়োজন, তা না থাকায় এটি ঠিক করা যায়নি। ফলে এটি বিকল অবস্থায় পড়ে আছে।