এক্স-রে মেশিন এক বছর ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি এক বছরেরও বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে নিম্ন আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গত শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কাঁটাবাড়ী গ্রামের আফজাল হোসেন (৪০) বলেন, ‘হাসপাতালোত পেটের বেদনার ওষুধ নিবা গেইছিনু, শহর থেকে মোক (আমাকে) পেটের এক্স-রে করাবার কথা কইছে। মুই এক্স-রে করো নাই, তাই ওষুধও দেয় নাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলজিস্ট অরুণ কুমার সরকার জানান, ২০১২ সালের আগস্ট মাসে এক্স-রে যন্ত্রটির রেডিয়েশন টিউব (রেজ্যুলেশন) নষ্ট হয়। যন্ত্রটি মেরামতের জন্য এ পর্যন্ত চারবার স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপার্টমেন্টে (সিএমএসডি) লিখিতভাবে অনুরোধ জানানো হয়। দুই দফায় একজন প্রকৌশলী এসে এক্স-রে যন্ত্রটি মেরামতের চেষ্টা চালায়। অবশেষে যন্ত্রাংশ পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি চলে গেছেন।
অরুণ কুমার বলেন, ওই যন্ত্রাংশের আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা। সরকারিভাবে বরাদ্দ না পাওয়া পর্যন্ত এক্স-রে যন্ত্রটি সচল করা সম্ভব নয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিপ্লব বিশ্বাস বলেন, বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ রোগী দরিদ্র, তারা ডায়াগনস্টিক সেন্টারে টাকা দিয়ে এক্স-রে করাতে পারে না। ফলে ধারণার ওপর নির্ভর করে চিকিৎসা দিতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমির আলী বলেন, এখানে রোগীর চাপ বেশি। রোগীদের স্বাস্থসেবা নিশ্চিতের জন্য এক্স-রে মেশিন খুবই জরুরি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এক্স-রে মেশিনটি মেরামত করা সম্ভব হচ্ছে না।