এক্স-রে মেশিন নেই আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট বছর ধরে এক্স-রে মেশিন নেই।

গুরুদাসপুর ছাড়াও এখানে বড়াইগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশও পাবনার চাটমোহরেররোগীরা চিকিৎসা নিতে আসেন। তাই এখানে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন না থাকায় এসব এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে এখানে একটি এক্স-রে মেশিন সরবরাহ করা হয়। জোড়াতালি দিয়ে কোনো রকমে এত বছর চলছিল। কিন্তু আট বছর আগে মেশিনটি একেবারে অচল হয়ে পড়ে। মাঝে অনেক লেখালেখির পর সংশ্লিষ্ট দপ্তর থেকে মেকানিক পাঠানো হয়েছিল। তাঁরা পর্যবেক্ষণ করে মেশিনটি বাতিল বলে জানিয়েছেন। সেটাও তিন বছর আগের কথা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, ক্লিনিকে ছোট সাইজের একটি রঙিন এক্স-রে-৩০০ থেকে ৫০০ টাকা, ডাবলভিউ-৮০০ থেকে ১ হাজার টাকা নেওয়া হয়ে থাকে। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন সচল হলে লাগবে ১২০ থেকে ৩০০ টাকা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল প্রথম আলোকে বলেন, সবশেষ ২০১৬ সালের নভেম্বর মাসে ৩০০ এমএম সাইজের একটি ডিজিটাল এক্স-রে মেশিন চেয়ে নাটোর সিভিল সার্জনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। অথচ এখানে প্রতিদিন গড়ে ৪০০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।

এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন মো. আজিজুল ইসলাম বলেন, এক্স-রে মেশিনের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাঝেমধ্যেই অবগত করছেন। কিন্তু কাজ হচ্ছে না।