ফেনী আধুনিক সদর হাসপাতালের এক্স-রে মেশিনগুলো দুই মাস অচল হয়ে পড়ে আছে। আল্ট্রাসনোগ্রাম মেশিনগুলোও ছয় মাস ধরে অচল। এতে রোগীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।রোগীদের অভিযোগ, ফেনী সদর হাসপাতালে ছয়টি এক্স-রে মেশিন থাকা সত্ত্বেও প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আহতসহ চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে থেকে এক্স-রে করে আনতে বলা হয়। রোগীরাও রোগনির্ণয়ের স্বার্থে দু-তিন কিলোমিটার দূরে গিয়ে এক্স-রে করে আনতে বাধ্য হয়। এতে গরিব রোগীদের আর্থিকভাবে সমস্যায় পড়তে হয়। আবুল কাশেম নামের এক ব্যক্তি প্রথম আলোকে জানান, এক আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে শহরের বেসরকারি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। তিনি শহরের একটি ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রাম করে ওই চিকিৎসককে দেখান। হারুন নামের অপর এক রোগীর আত্মীয় জানান, আত্মীয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। তিনি অন্য ক্লিনিক থেকে মেশিনসহ অপারেটরকে নিয়ে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন। এতে তাঁর খরচ বেশি হয়। এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, ফেনী সদর হাসপাতালে বিভিন্ন ধরনের আটটি এক্স-রে মেশিন রয়েছে। দুটি ডেন্টাল এক্স-রে মেশিন ছাড়া বাকি ছয়টি নষ্ট অবস্থায় পড়ে আছে। এক্স-রে মেশিনগুলো মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লেখা হয়েছে। কয়েক দিন আগে এক্স-রে মেশিন এবং অটো ফিল্ম প্রসেসর মেশিন মেরামতের জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ঢাকার একটি প্রতিষ্ঠানকে মেরামতের জন্য মনোনীত করা হয়েছে। শিগগিরই এক্স-রে মেশিন মেরামত করা হবে বলে তিনি জানান।আলাউদ্দিন মজুমদার আরও জানান, আল্ট্রাসনোগ্রাম মেশিন মেরামতের জন্য চিঠি লেখা হলেও সাড়া পাওয়া যায়নি।