লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি সাত বছর থেকে বিকল। এ অবস্থায় এখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে ৯০ কিলোমিটার দূরের জেলা শহর অথবা ১৩৬ কিলোমিটার দূরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, ২০০০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় সিমেন্স কোম্পানির মাধ্যমে এই এক্স-রে মেশিনটি সরবরাহ করে। সেটি স্থাপনের জন্য সিমেন্স কোম্পানির প্রকৌশলীরা হাসপাতালে বিদ্যুৎ ভোল্ট কম রয়েছে বলে জানান। তাই সেটি স্থাপন করা যায়নি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুতের সমস্যার সমাধান করে। ২০০৭ সালে মেশিনটি স্থাপন করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওগ্রাফার আবদুল বারি জানান, স্থাপন করার একদিন পর হঠাৎ মেশিনটি বিকল হয়ে পড়ে। এরপর থেকে সেটি বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার চিঠি দিয়েছে। কিন্তু এটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মেশিনটি নষ্ট থাকায় রোগীদের সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে।